একমাস ধরে নিখোঁজ। তারপর জঙ্গলের ভিতর থেকে উদ্ধার নাবালকের বীভৎস দেহের অংশ। শরীর থেকে মুন্ডু ছিন্ন করে তা বেল্ট দিয়ে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। তবে এই ঘটনার নেপথ্যে কে...
একমাস ধরে নিখোঁজ। তারপর জঙ্গলের ভিতর থেকে উদ্ধার নাবালকের বীভৎস দেহের অংশ। শরীর থেকে মুন্ডু ছিন্ন করে তা বেল্ট দিয়ে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। তবে এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই নাবালকের খণ্ড দেহাংশের টুকরো উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিস।
জানা যাচ্ছে, এটি উত্তরপ্রদেশের বারাণসীর কোটা গ্রাম পঞ্চায়েতের পাতগোড়ি তোলা গ্রাম এলাকার ঘটনা। মঙ্গলবার বারাণসী-শক্তিনগর রাজ্য সড়ক থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পাতগোড়ি তোলার কাছে একটি জঙ্গলে নাবালকের কাটা মুন্ডু দেখতে পান স্থানীয়রা। এরপরেই দ্রুত খবর দেওয়া হয় পুলিসে। ঘটনাস্থলে জড়ো হন আশপাশের এলাবাসীরাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাছের ডালের সঙ্গে বেল্ট দিয়ে ঝোলানো ছিল ওই মুন্ডুটি। এছাড়াও কাছেই কিছু পোশাক এবং দেহের আরও কিছু অংশ ছড়িয়ে ছিল।
এরপরেই ঘটনাস্থল থেকে কাটা মুন্ডু এবং দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। নমুনা সংগ্রহের জন্যে ফরেনসিক দলকেও ডাকা হয়। তবে ওই দেহাংশ কার, তা জানতে আশপাশের এলাকায় খোঁজখবর শুরু করে পুলিস। এরপরেই রবি নামে এক যুবক ঘটনাস্থলে হাজির হয়। তিনি ওই মুন্ডু দেখে শনাক্ত করেন সেটি তাঁর ভাই মঙ্গল প্রসাদের (১৬)। গত ১৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই নাবালক। পরিবারের দাবি, ওই দিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মঙ্গল। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। এরপর থানায় অভিযোগও জানায় পরিবার। তদন্তকারীদের প্রাথমিক অনুমান দেহাংশটি ২০-২৫ দিনের পুরনো। তবে কে বা কারা নাবালককে এইভাবে খুন করল তা এখনও জানা যায়নি। নেপথ্যে কোন শত্রুতা না অন্য রহস্য তা খতিয়ে দেখছে পুলিস।