রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, তাই সেখানে অ-সম্ভব কিছু ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। এবং, সেই কারণেই লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিলে বিস্ময়ের কিছু নেই।
রাজধানীর রাজনৈতিক মহলে জোর জল্পনা, ঘুরপথে এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ শিবিরের শরিক হওয়ার বদলে, সরাসরি বিজেপিতে যোগ দিতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষদস্তিদাররা।
কেন এই জল্পনা?
জল্পনার কারণ এক ও একাধিক।
পর্যবেক্ষকরা বলছেন, এনসিপিআই-নামক যে-দলে যোগ দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী-২০, সংসদে তার কোনও অস্তিত্ব নেই। এমতাবস্থায়, সংবিধানের দশম তফশিল অনুযায়ী, তাঁদের এনসিপিআই-এর সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া কঠিন। ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে কালীঘাট-তৃণমূল জানিয়েছে, বিদ্রোহী-২০-কে যেন এনসিপিআই-এর সাংসদ হিসেবে স্বীকৃতি না-দেওয়া হয়। পর্যবেক্ষকরা বলছেন, স্পিকার যদি-বা স্বীকৃতি দেন, মামলা সুপ্রিম কোর্ট অবধি গড়ালে কিন্তু বিপদ। সংশ্লিষ্ট মহল বলছে, সংবিধানের দশম তফশিল নিয়ে শীর্ষ আদালত বিভিন্ন সময়ে যে-রায় দিয়েছে, এবারও তা দিলে, বিদ্রোহী-২০ এনসিপিআই-সাংসদ হিসেবে স্বীকৃতি পাবেন না।
পর্যবেক্ষকরা বলছেন, শুধু স্বীকৃতির প্রশ্নই নয়। তৃণমূলের ২০ জন সাংসদকে সরাসরি দলে নিলে বিজেপির সুবিধা। চব্বিশের লোকসভায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নীতীশ কুমারের জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি-র উপর নির্ভর করে সরকার গড়তে হয়েছে। এমতাবস্থায়, তৃণমূলের বিদ্রোহী-২০ বিজেপিতে যোগ দিলেন, লোকসভায় গেরুয়া শিবিরের শক্তি বাড়বে।
প্রসঙ্গত, বিদ্রোহী-দের আবেদন ছিল, তাঁদের যেন আলাদা করে বসার বন্দোবস্ত করা হয়। কিন্তু, বাদল অধিবেশনে তেমনটা দেখা যায়নি। কার্যত তৃণমূল শিবিরের সঙ্গেই তাঁদের বসতে হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার বাদল অধিবেশন বসার আগে রবিবার সর্বদল বৈঠকে কেন এনসিপিআই-কে আমন্ত্রণ জানানো হল, তা নিয়ে তুলকালামকাণ্ড কাণ্ড হয়। তৃণমূলের মহুয়া মৈত্র প্রথমে সুর চড়ান। তাঁর সঙ্গে ছিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাঁরা প্রতীকী ওয়াকআউট করেন। তাঁদের সমর্থন জানিয়ে ওয়াকআউট করে কংগ্রেস, বাম ও বিজেপি-বিরোধী দলগুলি। মহুয়ার প্রশ্ন, বিদ্রোহী-২০ জনকে নিয়ে স্পিকার ওম বিড়লা এখনও কোনও সিদ্ধান্ত নেননি। সংসদের ওয়েবসাইটে তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮ রয়েছে, কমে ৮ হয়নি। তাছাড়া, সংসদের ওয়েবসাইটে এনসিপিআই-এর স্বীকৃতি নেই। তাহলে, কেন সর্বদল বৈঠকে এনসিপিআই-কে আমন্ত্রণ জানানো হল?
এমতাবস্থায়, এনসিপিআই ছেড়ে বিদ্রোহী-২০-র বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাই প্রবল, মনে করছেন পর্যবেক্ষকরা।