ফের পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের মেরঠ থেকে গ্রেফতার এক মহিলা। ধৃত ওই মহিলা পাকিস্তানের বাসিন্দা বলেও অভিযোগ। ওই মহিলাকে গ্রেফতার করার পাশাপাশি তাঁর কন্...
ফের পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের মেরঠ থেকে গ্রেফতার এক মহিলা। ধৃত ওই মহিলা পাকিস্তানের বাসিন্দা বলেও অভিযোগ। ওই মহিলাকে গ্রেফতার করার পাশাপাশি তাঁর কন্যার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তাঁদের থেকে বেশ কিছু জাল নথিও সংগ্রহ হয়েছে খবর সূত্রের।
জানা যাচ্ছে, ধৃতের নাম সাবা ফারহাত। তিনি পাকিস্তানের বাসিন্দা বলে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন দিল্লি গেট থানা এলাকার রুকসানা নামে এক বাসিন্দা। পুলিসের কাছে দায়ের করা অভিযোগপত্রে রুকসানা দাবি করেছেন, সাবা ১৯৮৮ সালে পাকিস্তানে যান। সেখানে ফারহাত মাসুদ নামে এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে বিয়েও করেন তিনি। পরে ১৯৯৩ সালে তাঁদের এক কন্যা হয়। এরপর পাকিস্তানি পাসপোর্টে কন্যাকে নিয়ে সাবা ভারতে আসেন। মেরঠের এক স্কুলে মেয়েকে ভর্তিও করেন। কিন্তু তাঁরা দু'জন ভারতীয় নাগরিকত্ব পায়নি বলেও অভিযোগ জানিয়েছেন রুকসানা।
সাবার কন্যার বিরুদ্ধে জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগও উঠেছে। পাশাপাশি মা এবং কন্যা দু'জনের পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে কাজ করে বলেও পুলিসের কাছে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন রুকসানা। ইতিমধ্যেই দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সাবাকে গ্রেফতার করেছে পুলিস। উদ্ধার হয়েছে বেশকিছু জাল নথি পত্রও। ধৃতের সঙ্গে আদৌ পাক গুপ্তচর সংস্থার কোনও যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।