এবার ডোনাল্ড ট্রাম্পের নামে নামাঙ্কিত হচ্ছে কংগ্রেস শাসিত হায়দরাবাদের মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি সড়ক। সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি স্বয়ং এই ঘোষণা করেছেন বলে খবর সূত্রের। অন্যদিকে এই সিদ্...
এবার ডোনাল্ড ট্রাম্পের নামে নামাঙ্কিত হচ্ছে কংগ্রেস শাসিত হায়দরাবাদের মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি সড়ক। সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি স্বয়ং এই ঘোষণা করেছেন বলে খবর সূত্রের। অন্যদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অনেকেই আবার সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন, হায়দরাবাদের জন্য মার্কিন প্রেসিডেন্ট কী অবদান রেখেছেন, যে তাঁর নামে সড়ক ঘোষণা হচ্ছে।
তেলেঙ্গনা সরকার সূত্রে খবর, চলতি মাসের ২৩ তারিখ হায়দরাবাদের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত মার্কিন কনস্যুলেটমুখী সড়কটি ট্রাম্পের নামাঙ্কিত করা হবে। যার উদ্দেশ্য হবে আমেরিকা এবং তেলঙ্গানার মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে নতুন মাত্রা দেওয়া। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী রেড্ডি ২০২৫ সালের ডিসেম্বর মাসে ওই সড়কটির নাম ট্রাম্পের নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন। সেই মতোই এক বছরের মধ্যে প্রস্তাব কার্যকর করতে চলেছে তেলেঙ্গনা সরকার।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার এই প্রসঙ্গে বলেন, 'হায়দরাবাদের নাম পরিবর্তন করে ফের ভাগ্যনগর করা হোক।' পাশাপাশি তাদের দাবি, এভাবে নামকরণের কোনও অর্থ হয় না। এটা স্রেফ ট্রেন্ডিংয়ে গা ভাসানো। যদিও শাসক দলের এই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ তেলেঙ্গানা সরকার।