তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার তদন্তের কেন্দ্রবিন্দুতে তাঁর স্ত্রী ইন্দিরা দত্ত। কারণ, পুলিশ সূত্রে খবর, ইন্দিরার কোনও খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। তাঁর অবস্থান জানতে তৎপর তদন্তকারীরা।
অন্যদিকে, সব্যসাচী দত্তের আর্থিক লেনদেনের খতিয়ান খতিয়ে দেখে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। জানা গিয়েছে, মোট পাঁচটি অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি যৌথ অ্যাকাউন্ট রয়েছে, যেখানে অ্যাকাউন্ট হোল্ডার সব্যসাচী ও তাঁর স্ত্রী ইন্দিরা দত্ত। তদন্তকারীদের দাবি, এই পাঁচটি অ্যাকাউন্টে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার আমানত রয়েছে। শুধু তাই নয়, তদন্তে আরও জানা গিয়েছে, সব্যসাচীর নামে দুটি ব্যাঙ্ক লকারও রয়েছে। সেখানে বিপুল পরিমাণ সোনা বা মূল্যবান গয়না থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। ইতিমধ্যেই লকার সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু হয়েছে। পাশাপাশি একাধিক স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটেরও খোঁজ মিলেছে।
কয়েক দিন আগে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা কেনার নথি উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে দাবি। প্রায় ৫০ কেজি সোনা কেনাবেচার তথ্য সংক্রান্ত কিছু নথি তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গিয়েছে, যদিও এই বিষয়ে সরকারি ভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে ইন্দিরা দত্তের সন্ধানে তদন্ত এগোচ্ছে একাধিক দিকে। ইতিমধ্যেই তাঁর ব্যবহৃত বলে দাবি করা একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি নিউটাউনে সব্যসাচীর আরও একটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়। তবে সেখান থেকে উল্লেখযোগ্য কিছু উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ৮ জুন গভীর রাতে তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর দাবি, ২০১৮ সালে তাঁর কাছ থেকে এক কোটি টাকা আদায় করা হয়েছিল। যদিও সব্যসাচী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেই একাধিক মামলা থাকার কথা দাবি করেছেন।
এদিকে, বিধাননগরের বিভিন্ন এলাকা থেকেও তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, প্রতি মাসে নিয়মিত টাকা আদায় করা হত। সব মিলিয়ে, এক সময়ের প্রভাবশালী তৃণমূল নেতাকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত তথ্য সামনে আসছে। এখন নজর, নিখোঁজ ইন্দিরা দত্তের খোঁজ কবে মেলে এবং তদন্ত কোন দিকে মোড় নেয়।