রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৫০-এর বেশি প্রকল্পের পরিষেবা দেওয়ার জন্য বিজেপি সরকার রাজ্যজুড়ে চালু করেছে 'জনকল্যাণ শিবির'। জেলার প্রতিটি শিবিরেই মানুষের উপচে পড়া ভিড়। তিনদিনের এই শিবিরের আজ, বুধবার ছিল শেষ দিন। কিন্তু জনগণের সুবিধার্থে আরও একদিন অর্থাৎ আগামী ১৮ জুন, বৃহস্পতিবার পর্যন্ত বাড়ান হলো এই শিবিরের সময়সীমা। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ফলতায় জনকল্যাণ শিবিরে এসে সময় বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনার পাশাপাশি ৫৪টি প্রকল্পের আবেদন চলছে। তিনি বলেন, “সরকার পরিষেবা দিতে বদ্ধপরিকর। আপনারা আবেদন করুন। বিন্দুমাত্র বিচলিত হবেন না। যোগ্য প্রাপকরা সাহায্য পাবেন।”
শুভেন্দু বলেন, “এত কম সময়ে রাজ্যের প্রান্তিক এলাকায় শিবির করা যায়নি। লম্বা লাইন রয়েছে শিবিরগুলিতে। আপনারা আবেদন করুন। সরকার সাহায্য করবে। জন সাধারণের কথা মাথায় রেখে আগামিকাল পর্যন্ত এই শিবির চলবে।” ফলতার শিবির থেকে তিনি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেছেন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনার সুবিধার কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রাজ্যজুড়ে প্রায় ১১০০ জনকল্যাণ শিবির শুরু হয়েছে। প্রথমে সোমবার অর্থাৎ ১৫ জুন ১৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিবিরের কথা জানানো হয়। প্রত্যেক শিবিরে ৫৪টি জনমুখী প্রকল্পের
সুবিধা পাওয়ার কথা বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তিনি জানালেন, আরও একদিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চলবে।