বাংলাদেশ নির্বাচনে বিএনপি ঝড়! এমনটা বললে ভুল কিছু হবে না, কারণ, শেষ পাওয়া খবর অনুযায়ী বিরাট ব্যবধানে সম্ভাব্য জয়ের পথে খালেদা জিয়ার 'ধানের শিষ' শিবিরই এগিয়ে রয়েছে। আর এই ইঙ্গিত স্পষ্ট হতেই বিভিন্ন দেশ...
বাংলাদেশ নির্বাচনে বিএনপি ঝড়! এমনটা বললে ভুল কিছু হবে না, কারণ, শেষ পাওয়া খবর অনুযায়ী বিরাট ব্যবধানে সম্ভাব্য জয়ের পথে খালেদা জিয়ার 'ধানের শিষ' শিবিরই এগিয়ে রয়েছে। আর এই ইঙ্গিত স্পষ্ট হতেই বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সমাজমাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে প্রথমে ইংরেজি এবং পরে বাংলা ভাষায় তিনি লিখেছেন, 'আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জানাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে।' দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও বার্তা দিয়েছেন মোদী। লিখেছেন, 'আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।'
একইভাবে তারেকের 'প্রত্যাবর্তনে' তাঁকে স্বাগত জানিয়েছে আমেরিকাও। শুক্রবার সকালে ঢাকার দূতাবাসের তরফে, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই শুভেচ্ছা জানান হয়েছে। সেখানে জানান হয়েছে, 'একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।' বাংলাদেশের সঙ্গে আগামীতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। পোস্টে লেখা হয়েছে, 'আমাদের দুই দেশ সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।'
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে এই তথ্য পাওয়া গিয়েছে। আসিফ আলী জারদারি সেখানে বলেছেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে।