বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণেই অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানায় নিলেন তিনি। পাশাপাশি নাম না ...
বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণেই অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানায় নিলেন তিনি। পাশাপাশি নাম না করে মুখ্যমন্ত্রীকেও খোঁচা দিলেন মোদী। বললেন, 'অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে দৌড়াচ্ছে তৃণমূল।'
গতকাল, অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে নিজে দাঁড়িয়ে থেকে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার সূত্র ধরেই আজ মোদী বলেন, 'আমার তৃণমূলের বন্ধুরা অনেক অভিযোগ করছেন। তাঁদের বলি, রাজ্যটার কী অবস্থা করেছেন। মহিলারা নির্যাতিতা। দুর্নীতির পর দুর্নীতি। আজ বিশ্বের উন্নত দেশগুলো অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে। তৃণমূল তাঁদের বাঁচাতে আদালতে দৌড়চ্ছে। ভারতীয়দের রুজিরুটি কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। আমরা তাদের তাড়াব। আদালতের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূল।'
নির্বাচনের মুখে বাংলায় SIR-কে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। এই অবস্থায় কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বুধবার সুপ্রিম দ্বারস্থ হন খোদ মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিজের দায়ের করা মামলার সওয়ালও তিনি নিজেই করেন। প্রধান বিচারপতির সামনে বুধবার তথ্যগত অসঙ্গতি-সহ আরও একাধিক বিষয় তুলে অভিযোগ তোলেন। SIR শুরু হওয়ার আগের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে নির্বাচন করানো হোক বলেও আদালতে আবেদন জানান মমতা। 'কেন আসামে SIR হচ্ছে না' বলেও প্রশ্ন তোলেন তিনি।