এবার দেশের চতুর্থ রাজ্য়, মধ্যপ্রদেশেও পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি বিল। মঙ্গলবার ধ্বনি ভোটে পাশ হয়েছে বিলটি। যদিও বিরোধীদের অভিযোগ, এই বিল রাজ্যের সংখ্যালঘুদের অধিকারকে খুন্ন করবে। তাই বিলটির বিরুদ...
এবার দেশের চতুর্থ রাজ্য়, মধ্যপ্রদেশেও পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি বিল। মঙ্গলবার ধ্বনি ভোটে পাশ হয়েছে বিলটি। যদিও বিরোধীদের অভিযোগ, এই বিল রাজ্যের সংখ্যালঘুদের অধিকারকে খুন্ন করবে। তাই বিলটির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কংগ্রেস।
এদিন বিল পেশের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, 'মধ্যপ্রদেশ বিধানসভায় এক সোনালী ইতিহাস রচিত হতে চলেছে। তবে কংগ্রেস তাদের তোষণের রাজনীতির জন্য এই বিলের বিরোধিতা করছে। এবং এটিকে আদিবাসী-বিরোধী বলে আখ্যা দিচ্ছে।' অন্যদিকে আজ বিলটি পেশ হতেই এর বিরোধিতায় সরব হয় কংগ্রেস। তাদের দাবি, এই বিলের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। যদিও কংগ্রেসের সেই অভিযোগ ধোপে টেকেনি। সংখ্যা বলে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিলটি। যার অর্থ এবার রাজ্যপালের অনুমোদনে আইনে পরিণত হবে বিলটি।
জানা যাচ্ছে, এই বিল আইনে পরিণত হলে 'তিন তালাক’ ও 'বহুবিবাহ' নিষিদ্ধকরণ তো বটেই, সব ধর্মের মানুষের অভিন্ন বিবাহ এবং বিচ্ছেদ আইন গ্রাহ্য হবে। পাশাপাশি 'লিভ-ইন' নিয়েও একাধিক কড়াকড়ি কার্যকর হবে রাজ্যে। বিবাহবহির্ভূতভাবে জন্ম নেওয়া সন্তানদেরও সমান আইনি মর্যাদা ও উত্তরাধিকারের অধিকার প্রদানের বিধান রাখা হয়েছে এই বিলে। দত্তক, সারোগেসি, প্রজনন-সহায়ক প্রযুক্তির মাধ্যমে সন্তান উৎপাদনের ক্ষেত্রেও। এছাড়াও, এই বিলে বলা হয়েছে লিভ-ইন সম্পর্কে থাকা কোনও নারীকে তাঁর পুরুষ সঙ্গী পরিত্যাগ করলে, তিনি আদালতের মাধ্যমে খোরপোশ দাবি করতে পারবেন।
বলে রাখা ভালো, এর আগে উত্তরাখণ্ড, গুজরাট এবং অসমে পাশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। এবার মধ্যপ্রদেশও হাঁটল সেই পথে। এই প্রসঙ্গে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছিলেন, এবার রাজ্যে 'রাম ও রহিম'-সহ সকলের জন্য একটিই অভিন্ন আইন কার্যকর হবে।