'বন্দে মাতরমে'র ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান দিল্লিতে। আজ শুক্রবার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম থেকে দেশবাসীকে আজকের বিশেষ দিনের শুভেচ্ছা বার...
'বন্দে মাতরমে'র ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান দিল্লিতে। আজ শুক্রবার এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম থেকে দেশবাসীকে আজকের বিশেষ দিনের শুভেচ্ছা বার্তা জানালেন মোদী। বললেন, '৭নভেম্বর একটি ঐতিহাসিক দিন। বন্দে মাতরম শুধু একটি গান না, হৃদয়ের স্পন্দন।'
তখন ভারতের পায়ে বেড়ি পরিয়ে রেখেছে ব্রিটিশরা। ইংরেজদের চাবুকের আঘাতে রক্ত ঝরাচ্ছে দেশের বীর সন্তানেরা। সেই সময়েই একটা গান সারা জাগিয়েছিল দেশবাসীর মনে। ভয় ধরিয়েছিল ব্রিটিশবাহিনীর মনে। গানটি ছিল 'বন্দে মাতরম'। আর আজ সেই বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি হল। সেই উপলক্ষে এদিন ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম থেকে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
জানা যাচ্ছে, বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরভর ধরে চলবে নানা উদযাপন। আজ অর্থাৎ ৭ নভেম্বর থেকে তা শুরু হয়ে চলবে আগামী বছর ২০২৬ সালের ৭ নভেম্বর পর্যন্ত। আজ সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ একাধিক সরকারি কর্মস্থলে ও অন্যান্য জায়গায় বন্দে মাতরম গানটি চালান হয়েছে। যেখানে অংশ নিয়েছে অসংখ্য সাধারণ মানুষ। যার মূল উদ্দেশ্য দেশের সর্বস্তরের মানুষের কাছে আজকের দিনটির বার্তা পৌঁছে দেওয়া।
আজ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উল্লেখ্য, ১৮৭৫ সালে নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে এই বন্দে মাতরম গানটির রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই দিনটি ছিল অক্ষয় নবমীর দিন। পরে ‘আনন্দমঠ’ উপন্যাসে গানটিকে জুড়ে দিয়েছিল লেখক। যা পরে স্বাধীনতার মন্ত্র হয়ে ওঠে দেশবাসীর কাছে। মাতৃভূমিকে শক্তি, সমৃদ্ধি এবং দেবত্বের মূর্ত প্রতীক হিসেবে আহ্বান করে এই গানটি।