গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্রয়াত হয়েছিলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তারপর থেকেই শিল্পীর মৃত্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে...
গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্রয়াত হয়েছিলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তারপর থেকেই শিল্পীর মৃত্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। জানা গিয়েছিল সিঙ্গাপুরে গিয়ে অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে বিপত্তি ঘটেছিল গায়কের। এবার গায়কের মৃত্যুর ঘটনায় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছে পুলিস। তাঁদের দুজনকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে।
সূত্রের খবর, ধৃত দুজনকে গ্রেফতার করে ইতিমধ্যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছে। এরপরেই দুজনকে এসআইটির অধীনে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে খবর, গায়কের মৃত্যুর পর অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরেই গা ঢাকা দিয়েছিলেন। এরপর তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিস। অপর একজন ধৃতকে গ্রেফতার করা হয়েছে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে।
প্রসঙ্গত, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল জুবিন গর্গের। গত শনিবারই সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে গান করার কথা ছিল তাঁর। তবে তার আগেই থিম যায় গায়কের সুরেলা জীবন। তারপর থেকেই গায়কের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল ধোঁয়াশা। জানা গিয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়েই জলে ডুবে মৃত্যু হয়েছিল তাঁর। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।