বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের কার্যক্রম সে দেশে নিষিদ্ধ থাকায়, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটযুদ্ধে লড়াই করেছে জামাত এবং বিএনপি। এই আবহেই শুক্রবার হাসিনার দলে...
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের কার্যক্রম সে দেশে নিষিদ্ধ থাকায়, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটযুদ্ধে লড়াই করেছে জামাত এবং বিএনপি। এই আবহেই শুক্রবার হাসিনার দলের কার্যালয়ের তালা খুলে দিল খোদ বিএনপি নেতা। বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয় খুলে দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। তবে আওয়ামী লীগের কার্যালয় খোলার সিদ্ধান্ত দলের নয়, বরং ব্যক্তিগত উদ্যোগেই এই কাজ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ওই সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার ওই দফতর খুলে দেওয়ার পরে সেখানে দাঁড়িয়ে কথা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। তাঁর পাশেই ছিলেন বিএনপি নেতা দাউদ এবং আওয়ামী লীগের কয়েক জন নেতা। ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে বিএনপি নেতা দাউদ জানিয়েছেন নিজের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
অন্যদিকে দাউদের এই পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়েছে বিএনপির অন্দরে। পঞ্চগড় জেলার দলের আহ্বায়ক জাহিরুল ইসলাম সমালোচনা করে এই বিষয়ে জানিয়েছেন, 'দাউদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে বিষয়টি শীঘ্রই জানাব।'