গুরুতর চোখের সমস্যায় ভুগছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। জানা যাচ্ছে, ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। বারংবার বলা সত্ত্বেও কাড়া কর্তৃপক্ষ তাঁর চ...
গুরুতর চোখের সমস্যায় ভুগছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। জানা যাচ্ছে, ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। বারংবার বলা সত্ত্বেও কাড়া কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার অনুরোধে সাড়া দেননি বলে অভিযোগ। এই মর্মে পাক সুপ্রিম কোর্টে জমা পড়ল রিপোর্ট।
বর্তমানে জেলবন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশ আদিয়ালা জেলে তাঁর উপর অত্যাচার চলছে বলে অভিযোগ। তার ভিত্তিতেই পাক সুপ্রিম কোর্ট এক আইনজীবীকে নিয়োগ করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য। ভারতের এক সংবাদ সংস্থা জানিয়েছে, আইনজীবীর তৈরি সেই রিপোর্ট তারা ঘেঁটে দেখেছে। তাতেই বলা হয়েছে, ইমরান ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারিয়ে ফেলেছেন।
ইমরানের দলের অভিযোগ, জেলে থাকা অবস্থায় ইমরান খানের শারীরিক পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগ অত্যন্ত সংবেদনশীল এবং তাৎক্ষণিক উন্নত চিকিৎসা প্রয়োজন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমরান খানের ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন’ ধরা পড়েছে। এই অসুখে চোখের রেটিনার শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা না হলে এই সমস্যার জেরে স্থায়ীভাবে চোখের ক্ষতি হতে পারে। কিন্তু চিকিৎসকেরা স্পষ্ট জানান যে, এই রোগের চিকিৎসার জন্য যে রকম সরঞ্জাম এবং চিকিৎসাকেন্দ্রের প্রয়োজন তা জেলে করা সম্ভব নয়।
প্রসঙ্গত, তোষাখানা দুর্নীতি সহ একাধিক মামলায় ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জেলে রয়েছেন তার স্ত্রী বুশরা বিবিও। অভিযোগ, পাক সেনা প্রধান মুনিরের নির্দেশে জেলের ভিতরে ইমরান ও তার স্ত্রীর উপর মানসিক অত্যাচার চালাচ্ছে পাক সরকার। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে বাড়ানো হয়েছে জেলের নিরাপত্তা। এমনকি তারপর থেকে কোনও খোঁজ নেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর।