ক্রমেই অবনতি হচ্ছে পরিস্থিতির। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে প্রকট হচ্ছে সৌদি আরবের সংঘর্ষ। এমনকি সৌদির পবিত্র ধর্মীয় স্থান মক্কায় ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ...
ক্রমেই অবনতি হচ্ছে পরিস্থিতির। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে প্রকট হচ্ছে সৌদি আরবের সংঘর্ষ। এমনকি সৌদির পবিত্র ধর্মীয় স্থান মক্কায় ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও বড় দুর্ঘটনা ঘটার আগেই ড্রোনটিকে ধ্বংস করা গেছে বলে দাবি করেছে সৌদি। এই অবস্থায় মক্কায় হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে সরব হয়েছে নয়া দিল্লি। অন্যদিকে ধর্মীয় স্থানে হামলার দাবি খারিজ করেছে হুথি গোষ্ঠী।
সৌদির অভিযোগ, মঙ্গলবার মক্কায় ড্রোন হামলা চালানোর চেষ্টা করে হুথিরা। কিন্তু তার আগেই সেই হামলা আটকেছে সেনা। এরপরেই মক্কায় যুদ্ধকালীন সতর্কতা জারি করা হয়। যা কার্যত ইতিহাসে প্রথম। অন্যদিকে মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান সমর্থিত হুথিরা। এই বিষয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের নিশানা ছিল সৌদির তৈল ভাণ্ডার ও সামরিক ঘাঁটি। কিন্তু মক্কায় হামলা তাদের উদ্দেশ্য ছিল না। পাশাপাশি সৌদি প্রশাসন হুথিদের বিরুদ্ধে গুজব রটাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এই পরিস্থিতিতে ধর্মীয় স্থানে হামলার নিন্দায় সরব হয়েছে ভারত সরকার। আজ, বুধবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃত প্রকাশ করে জানিয়েছেন, 'মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলা, সাধারণ নাগরিকদের জীবন এবং বেসামরিক পরিকাঠামোকে বিপন্ন করার চেষ্টার আমরা কড়া নিন্দা জানাই।'