হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা ইরানের। ক্ষতিগ্রস্থ তিনটি বাণিজ্যিক রণতরী। সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। বুধবার মধ্যরাত থেকে তেহরানের একাধিক জায়গাকে নিশানা করে পালটা হা...
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা ইরানের। ক্ষতিগ্রস্থ তিনটি বাণিজ্যিক রণতরী। সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। বুধবার মধ্যরাত থেকে তেহরানের একাধিক জায়গাকে নিশানা করে পালটা হামলা শুরু করেছে মার্কিন সেনা। ইরানের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে দাবি, সে দেশের উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দু'টি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এছাড়াও মার্কিন বাহিনীর হামলার মুখে পড়েছে কোনারাক এবং চাবাহার এলাকাও।
বুধবারই ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি এও বলেছিলেন তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ করলেও তা ফের নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে না। বুধবার তিনি বলেছিলেন, 'আমেরিকা সম্ভবত আজ রাতে ইরানের উপর বড় ধরনের আঘাত হানবে।' সঙ্গে জানিয়েছিলেন, 'সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলায় দীর্ঘমেয়াদী কোনও রূপ নেবে না।'
গত মঙ্গলবার হরমুজে থাকা তিনটি পণ্যবাহী জাহাজে হামলা হয়। যার নেপথ্যে ইরান রয়েছে বলে দাবি করে আমেরিকা। আর তারপর থেকেই শুরু হয় দু-দেশের হামলা পালটা হামলা। সূত্রের খবর, মার্কিন হামলার প্রত্যাঘাতে বাহরিন এবং কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানও। অন্যদিকে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের জল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালানো এবং তেল উৎপাদনকেন্দ্র 'খার্গ দ্বীপ' দখল করার হুমকি দিয়েছেন। এমতাবস্থায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। লেখেন, 'দাদাগিরির যুগ শেষ। এতে কোনও লাভ হবে না। আমরা মাথা নত করব না।'