ইরানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমেরিকার ডেডলাইন। যখন তখন একটা বড় হামলা ঘটে যেতে পারে সে দেশের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিতে। এমতাবস্থায় ইজরায়েলের তরফেও এল সতর্ক মূলক বার্তা! ইরানের নাগরিকদের উদ্দেশ্যে আইডিএ...
ইরানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমেরিকার ডেডলাইন। যখন তখন একটা বড় হামলা ঘটে যেতে পারে সে দেশের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিতে। এমতাবস্থায় ইজরায়েলের তরফেও এল সতর্ক মূলক বার্তা! ইরানের নাগরিকদের উদ্দেশ্যে আইডিএফের তরফে জানান হয়েছে, তাঁরা যেন স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত কোনও ট্রেনে সওয়ার না করেন। আর ইজরায়েলের এই বার্তার পরেই নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে তেহরানে।
ইজরায়েল সেনার তরফে সাবধানী বার্তা দিয়ে জানান হয়েছে, 'নিরাপত্তার স্বার্থেই আমরা অনুরোধ করছি ইরানের সময় রাত ৯টা পর্যন্ত আপনারা দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে ও কাছাকাছি থাকা রেললাইনে আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে বিপন্ন করে তুলতে পারে।'
মধ্যপ্রাচ্যের যুদ্ধের একমাস অতিক্রম হয়েছে। কিন্তু তারপরেও লাগাতার সংঘৰ্ষ অব্যাহত রয়েছে তিন দেশের মধ্যে। রবিবার ইজরায়েলের ড্রোনের আঁতুড়ঘরে মারণ হামলা চালায় ইরান। যদিও সেই হামলার কথা ইজরায়েলের তরফে আনুষ্ঠানিক ভাবে স্বীকার করা হয়নি। তবে স্বীকার করতে বাধ্য হয়েছে ড্রোন নির্মাণ সংস্থা। তারা জানিয়েছে, ইরানের হামলায় কারখানা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই আবহে এবার পাল্টা ইরানের রেলপথে হামলার হুঁশিয়ারি দিল ইজরায়েল।
প্রসঙ্গত, ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। যেখানে দাবি করা হয়েছে, ইরানের কোম শহরে কোনও এক হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। শুধু তাই নয়, মোজতবার মৃত্যু নিশ্চিত তা বুঝতে পেরে শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে ওই রিপোর্টে। তবে এই ইস্যুতে ইরানের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।