হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে ডেডলাইন বেঁধে দিল আমেরিকা। এক মার্কিন সংবাদমাধ্যম কয়েকজন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই বার্তা দেওয়া হয়েছে ওয়াশিংটনের তরফে। পাশাপাশি...
হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে ডেডলাইন বেঁধে দিল আমেরিকা। এক মার্কিন সংবাদমাধ্যম কয়েকজন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই বার্তা দেওয়া হয়েছে ওয়াশিংটনের তরফে। পাশাপাশি মধ্যস্থকারী দেশ গুলোর মাধ্যমেও এই বার্তা পাঠানো হয়েছে ইরানকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তেহরানের কাছ থেকে ইতিবাচক বিবৃতি আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। তা নাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্রের দাবি, ইরানের কাছ থেকে মূলত দুটি নিশ্চয়তা চেয়েছে আমেরিকা। প্রথম হল, যে কোনও দেশের পণ্যবাহী জাহাজের জন্য ওই জলপথ খোলা রাখতে হবে এবং যাতায়াতের জন্য কোনও শুল্ক দিতে হবে না। দ্বিতীয় শর্ত হল, হরমুজে যাতায়াত করা কোনও জাহাজে আর হামলা করবে না ইরান। এই বিষয়ে এক মার্কিন আধিকারিক বলেছেন, 'আমরা চাই ওরা প্রকাশ্যে ঘোষণা করুক যে, হরমুজ প্রণালীতে কোনও জাহাজের উপর আর গুলি চালানো হবে না। স্পষ্ট ভাবে বা অন্তত পরোক্ষ ভাবে স্বীকার করুক যে, ওরা ভুল করেছে।'
যদিও আমেরিকার এই দাবি প্রসঙ্গে ইরানের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ওমানে যাবেন। সেখানে হরমুজ সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করবেন। আমেরিকার দাবি ওমানে বৈঠকের পরেই প্রণালী খোলা ও তার নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিক ইরান। তা না হলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।