ক্রমেই নতুন করে যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা ও ইরান। সম্প্রতি জর্ডনের দু'টি সেনাঘাঁটিতে পর পর হামলা চালিয়েছে তেহরান। যার জেরে বহু মার্কিন সেনা আহত হয়েছেন বলে খবর বিভিন্ন সূত্রের। তবে সংখ্যাটা কত, তা এখনও স্...
ক্রমেই নতুন করে যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা ও ইরান। সম্প্রতি জর্ডনের দু'টি সেনাঘাঁটিতে পর পর হামলা চালিয়েছে তেহরান। যার জেরে বহু মার্কিন সেনা আহত হয়েছেন বলে খবর বিভিন্ন সূত্রের। তবে সংখ্যাটা কত, তা এখনও স্পষ্ট করা হয়নি ওয়াশিংটনের তরফে।
গত মাসেই যুদ্ধবিরতির পক্ষে মউ স্বাক্ষর করেছে যুযুধান দুই দেশ। তারপর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের হরমুজে উত্তেজনা শুরু হয়। হামলা পালটা প্রত্যাঘাতে জড়িয়ে পরে ইরান ও আমেরিকা। এর মধ্যে আমেরিকা ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটিগুলিকে নিশানা করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। আমেরিকার অভিযোগ, কাতার এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে পর পর হামলা চালাচ্ছে তেহরান। চলতি সপ্তাহে তেমনই এক হামলায় আহত হয়েছেন বেশ কিছু মার্কিন সেনা। তবে কারও প্রাণহানি হয়নি বলে দাবি সূত্রের।
অন্যদিকে শুক্রবার রাতে আমেরিকার তরফে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। সেই হামলায় মৃত্যুও হয়েছে তিন জনের। আহত হয়েছেন অনেকে। এমতাবস্থায় তেহরানের অভিযোগ, মার্কিন সেনা ইচ্ছা করে ঘন জনবসতি টার্গেট করে হামলা করছে। অন্যদিকে কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও জল শোধনাগারে ইরান হামলা করেছে পালটা অভিযোগ। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না।