গুরুতর চোখের সমস্যায় ভুগছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। এবার পরিবারকে না জানিয়ে তাঁকে জেল থেকে গোপনে হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা চল...
গুরুতর চোখের সমস্যায় ভুগছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। এবার পরিবারকে না জানিয়ে তাঁকে জেল থেকে গোপনে হাসপাতালে ভর্তি করানোর পরিকল্পনা চলছে। পাকিস্তান সরকারের এই গোপনীয়তার বিরুদ্ধে সরব হয়েছে তাঁর দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (PTI)। দলের দাবি, এই ধরনের পদক্ষেপ মৌলিক অধিকার ও আইনি বিধির সরাসরি লঙ্ঘন।
বর্তমানে জেলবন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশ আদিয়ালা জেলে তাঁর উপর অত্যাচার চলছে বলে অভিযোগ। তার ভিত্তিতেই পাক সুপ্রিম কোর্ট এক আইনজীবীকে নিয়োগ করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য। ভারতের এক সংবাদ সংস্থা জানিয়েছে, আইনজীবীর তৈরি সেই রিপোর্ট তারা ঘেঁটে দেখেছে। তাতেই বলা হয়েছে, ইমরান ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ হারিয়ে ফেলেছেন।
পিটিআই এক বিবৃতিতে জানায়, ইমরান খানের পরিবারকে না জানিয়েই তাঁকে চিকিৎসার জন্য সরানোর পরিকল্পনা করা হচ্ছে, এমন খবর অত্যন্ত উদ্বেগজনক। দলের বক্তব্য, 'আমাদের নেতা ইমরান খানকে পরিবারের অজান্তে গোপনে হাসপাতালে সরানোর পরিকল্পনার খবর সামনে এসেছে। এটি মৌলিক মানবাধিকার এবং আইনি প্রক্রিয়ার স্পষ্ট লঙ্ঘন।'
পিটিআইয়ের আরও জানিয়েছে, ইমরান খানের স্বাস্থ্য ও জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে ইমরানের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে দলের তরফে। শুধু তাই নয়, ইমরানের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টের তরফেও নির্দেশ দেওয়া হয়েছে তাঁর চোখ পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার।
প্রসঙ্গত, তোষাখানা দুর্নীতি সহ একাধিক মামলায় ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জেলে রয়েছেন তার স্ত্রী বুশরা বিবিও। অভিযোগ, পাক সেনা প্রধান মুনিরের নির্দেশে জেলের ভিতরে ইমরান ও তার স্ত্রীর উপর মানসিক অত্যাচার চালাচ্ছে পাক সরকার। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে বাড়ানো হয়েছে জেলের নিরাপত্তা। এমনকি তারপর থেকে কোনও খোঁজ নেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর।