বাংলাদেশ নির্বাচনের দিকে এতদিন চাতক দৃষ্টি ছিল বিশ্বের। শুক্রবার সেই ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে। যেখানে বিএনপি ২১২ আসনে জিতেছে। এখন অপেক্ষা কেবল সরকার গড়ার। গতকাল বিএনপির জেতার সম্ভবনা চূড়ান্ত হতেই দলে...
বাংলাদেশ নির্বাচনের দিকে এতদিন চাতক দৃষ্টি ছিল বিশ্বের। শুক্রবার সেই ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে। যেখানে বিএনপি ২১২ আসনে জিতেছে। এখন অপেক্ষা কেবল সরকার গড়ার। গতকাল বিএনপির জেতার সম্ভবনা চূড়ান্ত হতেই দলের চেয়ারপার্সনকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশও করেছিলেন তিনি। এবার মোদীর সেই শুভেচ্ছা বার্তায় পাল্টা ধন্যবাদ জানাল বিএনপি। সমাজমাধ্যমে একটি পোস্ট করে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভারতের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে তারা।
বস্তুত এবারের বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে এগিয়ে থাকবে তা একপ্রকার আশা করাই গিয়েছিল। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার মৃত্যুতে যে বিপুল জনসমাগম দেখা গিয়েছিল তা এই ধারণা আরও প্রকট করেছিল। এর মধ্যেই শুক্রবার সেই ধারণাকে বাস্তবে পরিণত করে ২১২ আসনে জয়ী ঘোষিত হয় ধানের শীষ শিবির। আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবারই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে নতুন সরকারের। গতকাল বিএনপির জয় নিশ্চিত হতেই বিভিন্ন দেশের তরফে শুভেচ্ছা বার্তা জানান হয়েছিল বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে। শুভেচ্ছা বার্তার পর মোদী এবং তারেকের ফোনালাপ হয় বলেও শোনা গিয়েছিল।
এর মধ্যে আজ বিএনপির তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর শুভেচ্ছার পাল্টা ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক বিজয় নিশ্চিত করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আপনার সদয় স্বীকৃতির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ফলাফল বাংলাদেশের জনগণের আমাদের নেতৃত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে তা প্রতিফলিত করে।' এরপরেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পোস্টে লেখা হয়, 'পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতা এবং আমাদের অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি যৌথ প্রতিশ্রুতি দ্বারা পরিচালিত আমাদের বহুমুখী সম্পর্ককে এগিয়ে নিতে আমরা ভারতের সাথে গঠনমূলকভাবে জড়িত হওয়ার জন্য উন্মুখ।'