জ্বালানি সঙ্কটে হিমশিম অবস্থা রাশিয়ার। তা সত্ত্বেও যুদ্ধ থেকে পিছপা হচ্ছে না পুতিন সেনা। ফের ইউক্রেনের বিরুদ্ধে জোরালো আক্রমণ শুরু করল তারা। বুধবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিভকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। যার জেরে ১৭ জন নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পালটা রাশিয়ার একটি তৈল শোধনাগারেও হামলা চালিয়েছে ইউক্রেন।
ইউক্রেন সেনা সূত্রে খবর, বুধবার রাত থেকে অন্তত ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এমন হামলা যে হতে পারে তা আগে থেকেই আঁচ করেছিল সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেইমত সাবধানও করা হয়েছিল ইউক্রেনবাসীকে। আর প্রশাসনের সেই নির্দেশ পাওয়া মাত্রই ঘর ছাড়া হয়েছিলেন কয়েকশো মানুষ। প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন মেট্রো ষ্টেশনে।
জানা যাচ্ছে, রুশ বাহিনীর আচমকা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০টি বাড়ি। এছাড়াও জখম হয়েছেন কমপক্ষে ৫৪ জন, তালিকায় রয়েছে দুই শিশুও। এই পরিস্থিতিতে রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের কস্তোভো শহরে একটি তৈল শোধনাগারেও পালটা হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনা। তবে তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট না। তবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। জখম হয়েছেন আরও চার জন।