রাজভবনের সামনে পৌঁছে গিয়েছে জুনিয়র ডাক্তারদের মিছিল। সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের ৫-৭ জনের প্রতিনিধি দল ভিতরে যেতে পারেন স্মারকলিপি জমা দিতে। এর আগে জুনিয়র ডাক্তারেরা ইমেল পাঠিয়ে ছিলেন রাজ্যপালকে। ...
রাজভবনের সামনে পৌঁছে গিয়েছে জুনিয়র ডাক্তারদের মিছিল। সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের ৫-৭ জনের প্রতিনিধি দল ভিতরে যেতে পারেন স্মারকলিপি জমা দিতে। এর আগে জুনিয়র ডাক্তারেরা ইমেল পাঠিয়ে ছিলেন রাজ্যপালকে। কিন্তু তার কোনও জবাব এখনও তাঁরা পাননি। সেই কারণে রাজভবনে গিয়ে নিজেদের বক্তব্যকে স্মারকলিপি আকারে দিয়ে আসতে চান আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।
আজ, সোমবার জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে সামিল হয়েছে নাগরিক সমাজ। অভিযানে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষ। পুলিসি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মিছিলের পথ। সামনের সারিতে রয়েছেন চিকিৎসকরা। কিন্তু সেই মিছিলের শেষের দিকে রয়েছেন বহু সাধারণ মানুষ।
এদিন রাজভবন অভিযানের ডাক দেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা। সিবিআই-এর উপর অনাস্থা থেকেই তাঁদের এই রাজভবন অভিযান। পাশাপাশি যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে তার প্রতি অনাস্থা রয়েছে জুনিয়র চিকিৎসকদের। সব মিলিয়ে তাঁদের রাজভবন অভিযানের একাধিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, চার্জশিট নিয়ে সিবিআই-এর প্রতি অনাস্থা তৈরি হয়ছে তাঁদের। সেই জন্যেই এহেন কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে মঙ্গলবার যেদিন রাজ্যে পুজোর কার্নিভাল রয়েছে সেই দিনই রাজ্যজুড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানান, কোনও বাধা আমরা দেব না ৷ রাস্তার ধারে সকলে মানব বন্ধন করে এক সারিতে দাঁড়িয়ে থাকবো।