বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার নলবনে বিশেষ কর্মসূচির আয়োজন করল পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতর। এদিন রাজ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে 'একটি গা...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার নলবনে বিশেষ কর্মসূচির আয়োজন করল পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতর। এদিন রাজ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। যার মাধ্যমে রাজ্য জুড়ে এক কোটি ১০ লক্ষ চারা গাছ রোপণ করবে সরকার। এই কর্মসূচি গোটা বছরব্যাপী চলবে। কেবল শুক্রবারই রাজ্য জুড়ে ছ’লক্ষ গাছের চারা লাগানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির লক্ষ্য ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে রাজ্যজুড়ে ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণ করা। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত স্থিতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী জানান, নিজের মাকে উৎসর্গ করে তিনি গাছ লাগিয়েছেন। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়, স্কুল-কলেজে, পার্কগুলিতেও এই কর্মসূচি চলছে। পাশাপাশি পরিবেশরক্ষায় বৃক্ষরোপণের উপযোগিতাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, শুধু গাছ লাগানো নয়, চারা থেকে সেগুলিকে মহীরুহে পরিণত করার দায়িত্বও নেবে সরকার।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, পরিবেশ, বন, স্বাস্থ্য ও মৎস্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও 'মিশন লাইফ'-এর আওতায় নির্বাচিত পরিবেশ দূত হিসেবে একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের এই উদ্যোগ পরিবেশ রক্ষা ও সবুজায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন পরিবেশবিদরা।
সম্প্রতি স্বচ্ছতা অ্যাপ চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তার কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'কোথাও নোংরা পড়ে থাকলে অ্যাপের মাধ্যমে জানালেই সেই জায়গা পরিষ্কার করে দেওয়া হবে দু'ঘণ্টার মধ্যে। আপাতত ১০টি শহরে এটা চালু হয়েছে। রাজ্যের সব পুরসভায় তা পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। এ ছাড়া, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, কোচবিহারের মদনমোহন মন্দির, জলপাইগুড়ির জল্পেশ-সহ বিভিন্ন মন্দিরের বাইরের পরিবেশকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের নিতে হবে।'