কেন্দ্রের 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' প্রকল্পের নাম বদলে 'বাংলার বাড়ি' নাম রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার। এবার বিজেপি জমানায় ফের সেই প্রকল্পের নাম বদলাল। নতুন নাম হল 'পশ্চিমবঙ্গ আবাস'। আজ, বৃহস্পতিবার ন...
কেন্দ্রের 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' প্রকল্পের নাম বদলে 'বাংলার বাড়ি' নাম রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার। এবার বিজেপি জমানায় ফের সেই প্রকল্পের নাম বদলাল। নতুন নাম হল 'পশ্চিমবঙ্গ আবাস'। আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পের উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দিল রাজ্য। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিষ্কার বার্তা, ' উপভোক্তাদের রং, ধর্ম দেখব না।
এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি নবান্নে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনিও জানান, উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা আজই সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ১৮ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। যদিও মন্ত্রীর অভিযোগ, তৃণমূল আমলে তৈরি ৩০ লক্ষের তালিকায় সাড়ে ১২ লক্ষই ‘অযোগ্য'। এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, 'যোগ্যরা সবাই সুবিধা পাবে এই প্রকল্পের। উপভোক্তাদের রং দেখব না, ধর্ম দেখব না।'
প্রসঙ্গত, তৃণমূল জমানায় এই প্রকল্পের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিল তৎকালীন শাসক শিবির। তাদের অভিযোগ ছিল, দরিদ্রদের পাকা বাড়ি তৈরির এই প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। পাল্টা কেন্দ্রের টাকা নিয়ে আর্থিক তছরুপের দাবি তুলেছিল নয়া দিল্লি। এমতাবস্থায় রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। বহু ক্ষেত্রে বাড়ি আটকে রাখার মত অভিযোগও প্রকাশ্যে এসেছে।