কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) ধাঁচে এবার পশ্চিমবঙ্গেও তৈরি হবে 'স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি’ (SIA)। মঙ্গলবার এই মর্মে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, 'জাতীয় তদন্তকারী সং...
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) ধাঁচে এবার পশ্চিমবঙ্গেও তৈরি হবে 'স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি’ (SIA)। মঙ্গলবার এই মর্মে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, 'জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) আদলে রাজ্যে গঠিত হচ্ছে ‘স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি’ (SIA)।' তাঁর আরও সংযোজন, 'পুলিসের প্রায় ৪ হাজার পুরনো ও বিমাহীন যানবাহনকে পর্যায়ক্রমে সরিয়ে আধুনিক নতুন গাড়ি আনা হবে।'
বদলের বাংলায় পুলিসি ব্যবস্থাকে ঢেলে সাজাতে ব্যস্ত শুভেন্দু সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। মঙ্গলবার, ভবানী ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই একের পর এক বড় ঘোষণা করেন তিনি। সূত্রের খবর, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে সমস্ত জেলার ৫৫২টি থানার মধ্যে অন্তত ২৫০ থেকে ৩০০টি থানাকে উন্নীত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিশেষ অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানো হচ্ছে। পাশাপাশি পুলিস কর্মীদের পেশাদারিত্ব বাড়াতে গুজরাতের ‘রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়’ এবং অসমের তেজপুরে অবস্থিত বিএসএফ-এর উচ্চতর ট্রেনিং ইনস্টিটিউটে দল পাঠিয়ে প্রশিক্ষণের বন্দোবস্তও করা হচ্ছে।
পাশাপাশি এদিন রাজ্য পুলিসে নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে পুলিসে ৪৭ হাজার শূন্যপদ রয়েছে। আগামী কয়েক বছরে পুলিসে ১লক্ষ নিয়োগ হবে। সেই কথা আরও একবার বলা হয়েছে। ১৪ হাজার পুলিস কনস্টেবল আগেই ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছিলেন। কিন্তু ওবিসি দুর্নীতির জন্য ওই নিয়োগ করা যায়নি। কিন্তু এবার ওবিসি জট কেটে গিয়েছে। এমতাবস্থায় ১৪ হাজার কনস্টেবল আগামী দুর্গাপুজোর মধ্যেই নিয়োগ হবে বলে আগাম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।