রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই মঙ্গলবার ভবানীভবন থেকে কাটমানি, সিন্ডিকেটরাজ এবং অবৈধ চোলাই...
রাজ্যে পালাবদলের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই মঙ্গলবার ভবানীভবন থেকে কাটমানি, সিন্ডিকেটরাজ এবং অবৈধ চোলাই মদ বন্ধে রাজ্য সরকারের ৪টি নতুন টোল ফ্রি নম্বর-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। নবান্নে তৈরি করা হচ্ছে কন্ট্রোল রুম। সেখান থেকেই এই টোল-ফ্রি নম্বরে আসা অভিযোগ খতিয়ে দেখা হবে। তারপর পরবর্তী পদক্ষেপও নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফোন করা যাবে এই চারটি নম্বরে।
মুখ্যমন্ত্রীকে সরাসরি জানাতে টোল-ফ্রি নম্বরগুলি হল-
কাটমানির বিরুদ্ধে টোল-ফ্রি নম্বরঃ ১৫৫৩৩৪
সিন্ডিকেটের দৌরাত্ম্য বা জোরজুলুমের বিরুদ্ধে টোল-ফ্রি নম্বরঃ ১৫৫৩৩৫
অবৈধ রোড ট্যাক্স বা টোল আদায়ের বিরুদ্ধে টোল-ফ্রি নম্বরঃ ১৫৫৩৩৭
অবৈধ চোলাই মদের বিরুদ্ধে টোল-ফ্রি নম্বরঃ ১৫৫৩৩৯
অভিযোগ জানানোর নম্বর ঘোষণা করে মুখ্যমন্ত্রী সতর্ক করেন, এই সুযোগের অপব্যবহার না-করতে। ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা তথ্য দিলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পুলিশি ব্যবস্থাকেও আরও উন্নত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। পুলিশে নতুন করে এক লক্ষ নিয়োগ হবে। উত্তরপ্রদেশ মডেলের মতোই পুলিশের কর্মসংস্থান হবে।