জমি দখল মামলায় সাময়িক স্বস্তি পেলেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। মঙ্গলবার তৃণমূলের প্রাক্তন বিধায়কের রক্ষাকবচের মেয়াদ আবার বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অতীন ঘোষ এবং ...
জমি দখল মামলায় সাময়িক স্বস্তি পেলেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। মঙ্গলবার তৃণমূলের প্রাক্তন বিধায়কের রক্ষাকবচের মেয়াদ আবার বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষের বিরুদ্ধে আগামী অগাস্ট পর্যন্ত কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না পুলিস।
অতীনের বিরুদ্ধে জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে মামলা হয়। সেই মামলায় গ্রেফতারি এড়াতে গত ৬ জুন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অতীন ঘোষ ও তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষ। মামলার বয়ান অনুযায়ী, একটি সম্পত্তি জোর করে দখল এবং প্রতারণার অভিযোগে প্রগতি ময়দান থানায় এফআইআর দায়ের হয়। পরে তদন্তভার যায় বিধাননগর উত্তর থানার হাতে। অতীনের হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। এর আগের শুনানিতেও হাই কোর্ট বলেছিল, মামলা বিচারাধীন অবস্থায় গ্রেফতার করা যাবে না অতীনকে।
রাজ্যের উদ্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, ‘‘মামলাকারীকে গ্রেফতার করবেন না। অনেক ঘটনায় দেখছি, আপনারা গ্রেফতার করে নেন। রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যে গ্রেফতার করে নেওয়া হচ্ছে।’’ বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী বলেন, পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ পদক্ষেপ করে থাকে। তবে কোনও মামলা বিচারাধীন থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। পুলিশকে তা জানিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে রাজ্য আদালতকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে। তবে মামলা বিচারাধীন থাকলে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না অতীন ও তাঁর কন্যার বিরুদ্ধে।