হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই ১৫ অগাস্ট, ভারতের স্বাধীনতা দিবস। দেশের প্রতিটি মানুষের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই স্বাধীনতার দিনটিকে আরও বিশেষ করে তুলতে বিগত কয়েক বছর ধরে 'হর ঘর তেরঙ্গা' কর...
হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই ১৫ অগাস্ট, ভারতের স্বাধীনতা দিবস। দেশের প্রতিটি মানুষের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই স্বাধীনতার দিনটিকে আরও বিশেষ করে তুলতে বিগত কয়েক বছর ধরে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি পালন করে আসছে এনডিএ সরকার। কিন্তু তৃণমূল জমানায় এই কর্মসূচি থেকে বাদ যেত পশ্চিমবঙ্গ। তবে এবার রাজ্যে সরকার বদলেছে। সেই সূত্রে এবার শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলাতেও প্রথমবার কেন্দ্রের এই কর্মসূচি পালন হবে। আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার নবান্ন থেকে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজেই।
এদিন শুভেন্দু জানান, 'শুক্রবার আমরা ভবানীপুর অর্থাৎ আমার কেন্দ্র থেকে তেরঙ্গা যাত্রা শুরু করছি। সার্ভে বিল্ডিং থেকে হাজরা পর্যন্ত বিশাল মিছিল করব, আমি নিজে মিছিলে অংশ নেব। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আবেদন, আপনারা সকলে এতে অংশগ্রহণ করুন। নিজের নিজের বাড়িতে তেরঙ্গা তুলুন।' তিনি আরও জানান এই কর্মসূচিকে সামনে রেখে প্রায় ৭০ লক্ষ তেরঙ্গা বিতরণ করা হবে রাজ্যে।
মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই কর্মসূচিতে রাজ্যের সবাইকে অংশ নেওয়ার আবেদন জানিয়ে বলেন, ' রাজ্যের প্রতিটি মহকুমা, পৌরসভা, ব্লক, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা – সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এই উপলক্ষে কলকাতার ঐতিহাসিক ভবন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা হবে। প্রবন্ধ, অঙ্কন, সচেতনতামূলক মিছিল হবে। এই নিয়ে প্রিন্ট, ডিজিটাল ও সোশাল মিডিয়ায় ব্যাপক প্রচার করব আমরা।'