প্রায় কুড়ি বছর পর ফের বাংলাদেশে ক্ষমতার মসনদে এল বিএনপি সরকার। এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের অপেক্ষা। এই অবস্থায় ওপার বাংলায় জিয়া পুত্রের সাফল্যে তাঁকে শুভেচ্ছা বার্তা জানালেন পশ্চিম...
প্রায় কুড়ি বছর পর ফের বাংলাদেশে ক্ষমতার মসনদে এল বিএনপি সরকার। এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের অপেক্ষা। এই অবস্থায় ওপার বাংলায় জিয়া পুত্রের সাফল্যে তাঁকে শুভেচ্ছা বার্তা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, 'বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।' দুই দেশের মধ্যে সু-সম্পর্ক বজায় থাকবে আশা রেখে তাঁর সংযোজন, 'আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।'
গতকাল বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটের লড়াই হয়েছে প্রতিদ্বন্দ্বিদের মধ্যে। গোটা নির্বাচনে একাধিক বিক্ষিপ্ত অশান্তির খবরও পাওয়া গিয়েছিল। তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছিল ভোটের হার। ঢাকা-সহ আরও দুটি বিভাগের ভোটের হার ছিল যথেষ্ট কম। যা নিয়ে খানিক চাপে পড়েছিল বিএনপিও। এর পরেই আজ, শুক্রবার ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেখানে বিএনপি ২১২ আসন, জামাত ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, স্বতন্ত্র প্রার্থী ৭ আসন পেয়েছে বলে জানান হয়।
অর্থাৎ বাংলাদেশে বিএনপি-র সরকার গঠন এখন কেবল সময়ের অপেক্ষা। আর সেই ইঙ্গিত স্পষ্ট হতেই 'তারেকভাইকে' শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুই বঙ্গের সম্পর্ক নিয়েও আশা প্রকাশ করলেন তিনি। বস্তুত, ইতিমধ্যেই তারেককে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে বিভিন্ন দেশের প্রধান নেতৃত্বরা। শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।