কয়লা পাচার মামলায় ফের বুদবুদ থানার OC মনোরঞ্জন মণ্ডলকে তলব ইডির। এনিয়ে দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল। পাশাপাশি দুর্গাপুর সেপকো টাউনশিপের ব্যবসায়ী প্রবীর দত্তকেও একই মামলায় তলব করে...
কয়লা পাচার মামলায় ফের বুদবুদ থানার OC মনোরঞ্জন মণ্ডলকে তলব ইডির। এনিয়ে দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল। পাশাপাশি দুর্গাপুর সেপকো টাউনশিপের ব্যবসায়ী প্রবীর দত্তকেও একই মামলায় তলব করেছে ED। কয়লাকাণ্ডে ইডির পর এবার সক্রিয় সিবিআইও। এবার সিবিআই-এর তলবের মুখে রাঢ় বঙ্গের এক তৃণমূল সাংসদ। এছাড়াও তলবের মুখে খনি অঞ্চলের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা।
চলতি মাসের ৩ তারিখেই মনোরঞ্জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ED। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় বড় অঙ্কের ‘প্রোটেকশন মানি’ -র লেনদেন প্রসঙ্গেই সামনে এসেছে এই পুলিস কর্মীর নাম। উল্লেখ্য, এই মনোরঞ্জনের অতীতও অত্যন্ত বিতর্কিত। ২০২৪ সালে রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তার ভর্ৎসনার মুখে পড়েছিলেন এই মনোরঞ্জন, সূত্রের খবর এমনটাই। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি। সেই সময়ে সাসপেন্ড হয়েছিলেন মনোরঞ্জন।
লালা ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী চিন্ময় মণ্ডলকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নাম উঠে আসে কিরণ খান, রমেশ গোপ, লোকেশ সিং, আরিয়ান সিং এদের মধ্যে চিন্ময় মণ্ডল পাথর এবং কয়লা খাদানের মালিক। কিরণ খান তাঁর আত্মীয়। রমেশ গোপ, লোকেশ সিং, আরিয়ান সিং এই তিনজন পরস্পরের আত্মীয়।
অন্যদিকে, ইডি তল্লাশি চালিয়েছিল প্রবীর দত্তের বাড়িতেও। কয়লা পাচারের বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, কয়লা পাচারের অভিযোগ সংক্রান্ত তদন্তের জাল ধীরে ধীরে গুটিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আর সেই উদ্দেশ্যেই মনোরঞ্জন এবং প্রবীরকে তলব করা হয়েছে।