লোকসভা ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার হচ্ছেন শিকার বিজেপির কর্মী-সমর্থকরা। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছেন বিজেপির ৪ সদস্যের এক প্রতিনিধি দল। মঙ্গলবার বারুইপুরে বিজেপির কার...
লোকসভা ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার হচ্ছেন শিকার বিজেপির কর্মী-সমর্থকরা। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছেন বিজেপির ৪ সদস্যের এক প্রতিনিধি দল। মঙ্গলবার বারুইপুরে বিজেপির কার্যালয়ে যান এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে তাঁরা আক্রান্তদের অভাব অভিযোগের কথা শোনেন। সম্প্রতি আক্রান্তদের সঙ্গে দেখা করতে বারুইপুরে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ, সেই ছবি প্রকাশ্য়ে আসতেই আক্রান্তদের ফের হুমকি দেওয়া হয়। এ জন্য় মঙ্গলবার প্রতিনিধি দলের সাক্ষাৎ পর্বের সময় সংবাদমাধ্যমকে বাইরে রাখা হয়।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন এই প্রতিনিধি দলের সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর অভিযোগ, পুলিস দলদাসে পরিণত হয়েছে।
এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সুর চড়ান প্রতিনিধি দলের অন্যতম সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর প্রশ্ন, বাংলায় যা চলছে এটাই কি গণতন্ত্র? তিনি বলেন, মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত। এই প্রতিনিধি দলের সদস্য তথা বিজেপি সাংসদ ব্রিজ লালের অভিযোগ, তৃণমূলের শাসনে বাংলায় গুণ্ডারাজ চলছে।
এদিকে, ডায়মন্ড হারবারের কেয়াপুকুরিয়া এলাকায় রয়েছেন আক্রান্ত বিজেপির কর্মীরা। মঙ্গলবার আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে কেয়াপুকুরিয়া এলাকায় যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।