হাইকোর্টে বেলডাঙা মামলা। বেলডাঙার অভিযুক্তদের জামিন খারিজ ও NIA বলবৎ হবে কিনা, এই ২টি মামলার একসঙ্গে শুনানি মঙ্গলবার ৫ মে। জানাল প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্...
হাইকোর্টে বেলডাঙা মামলা। বেলডাঙার অভিযুক্তদের জামিন খারিজ ও NIA বলবৎ হবে কিনা, এই ২টি মামলার একসঙ্গে শুনানি মঙ্গলবার ৫ মে। জানাল প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।
মামলার শুনানিতে এনআইয়ের আইনজীবী দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা বলবৎ হবে কিনা তা নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট। তাই সেই মামলার সিদ্ধান্তের আগেই নিম্ন আদালত জামিন মঞ্জুর করেছে। বিচারপতি পার্থ সারথি সেন বলেন, নিম্ন আদালত স্ট্যাটুটরি জামিন দিয়েছে। ফলে আপনাদের তদন্তের অসুবিধা কোথায়? নির্দিষ্ট সময় পর জামিন তো নাকচ হতে পারে। এনআইয়ের আইনজীবীর দাবি, ইউএপিএ ধারা বলবৎ হলে এই জামিন কখনওই মঞ্জুর হয় না। সেই মামলা এখনও আপনার বিচারাধীন। এছাড়াও এনআইএ তদন্ত করছে। প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, ইউএপিএ সংক্রান্ত জনস্বার্থ মামলাটির সঙ্গে এই জামিন খারিজের মামলাটি শুনানি হবে। দুটি মামলার শুনানির পরই জামিন খারিজের বিষয়ে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র ওপর ন্যস্ত হলেও, ৯০ দিন অতিক্রান্ত হওয়ার পরেও সংস্থাটি ধৃতদের বিরুদ্ধে আদালতে কোনও চার্জশিট বা প্রামাণ্য রিপোর্ট পেশ করতে পারেনি। বেলডাঙা কাণ্ডে NIA তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। NIA তদন্তভার হাতে নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তদের মধ্যে ১৫ জন NIA বিশেষ আদালত থেকে জামিন পায়। সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন জানায় NIA।