শহর কলকাতায় ফের প্রতিবাদীকে বেধড়ক মারধর! সঙ্গে দেওয়া হয় হুমকিও। বিসর্জন শোভাযাত্রা থেকে চকলেট বোম ছোড়ার অভিযোগ। প্রতিবাদ করতেই বৃদ্ধ দম্পতিকে মারধর। এমনকি মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে খবর। শোভায...
শহর কলকাতায় ফের প্রতিবাদীকে বেধড়ক মারধর! সঙ্গে দেওয়া হয় হুমকিও। বিসর্জন শোভাযাত্রা থেকে চকলেট বোম ছোড়ার অভিযোগ। প্রতিবাদ করতেই বৃদ্ধ দম্পতিকে মারধর। এমনকি মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে খবর। শোভাযাত্রায় অংশ নেওয়া বেশিরভাগই ছিলেন মত্ত, অভিযোগ নিগৃহীত দম্পতির। গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনির ঘটনা। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজ।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার গভীর রাতে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। পথজুড়ে চলছিল উচ্চ শব্দে বাজি ফাটানো। অভিযোগ, সেই শোভাযাত্রা থেকে ছোড়া একটি বোমা গিয়ে ফাটে এক মহিলার পায়ের ঠিক কাছে। আচমকা বিস্ফোরণে ভয় পেয়ে যান তিনি। আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে শোভাযাত্রায় থাকা কয়েকজন যুবক। প্রত্যেকে তখন নেশাগ্রস্ত ছিল বলে অভিযোগ।
মহিলার স্বামীর দাবি, তাঁর স্ত্রী শুধু বলেছিলেন, ‘এভাবে কেউ বাজি ফাটায়?’ শুধুমাত্র এই কথাতেই কয়েকজন যুবক চুলের মুঠি ধরে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। লাথি, ঘুষি, চড় কিছুই বাদ যায়নি। মুখ ফেটে সেলাই পর্যন্ত পড়েছে বলে জানিয়েছেন তিনি। রাতেই হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান দম্পতি। তার ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কেন পুলিস ডাকা হয়েছে, সেই প্রশ্ন তুলে শুক্রবার সকালে তাঁদের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে দাবি ‘আক্রান্ত’দের। ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।