ফের উদ্বেগ টলিপাড়ায়! রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের 'রহস্য' মৃত্যুর মধ্যেই এবার নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ব্যাঙ্কে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকে তাঁর সঙ্গে আর...
ফের উদ্বেগ টলিপাড়ায়! রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের 'রহস্য' মৃত্যুর মধ্যেই এবার নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ব্যাঙ্কে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, গতকাল দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব। নিজের ফোনটি বাড়িতে রেখে তাঁর বাবার ফোন নিয়ে বেরিয়েছিলেন তিনি। এরপর দুপুর ২:২২ নাগাদ তাঁর সঙ্গে শেষ কথা হয় মৌপিয়ার। সেই সময় ব্যাঙ্কেই ছিলেন উৎসব। কিন্তু তারপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়ায় দুশ্চিন্তায় পড়েন পরিচালকের স্ত্রী। এরপর দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা, রাত হয়ে গেলেও কোনও খোঁজ পাওয়া যায়নি উৎসবের।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিসের দ্বারস্থ হয়েছেন পরিচালকের স্ত্রী। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ফোন নম্বর ট্র্যাক করে জানা গিয়েছে, সেটি শেষ উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়। কিন্তু আচমকা পরিচালকের নিখোঁজ হয়ে ঘটনায় নতুন করে উদ্বগে তৈরি হয়েছে টলিপাড়ায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে তাঁর ছবি পোস্ট করে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর সতীর্থরা। পাশাপাশি পুলিসের তরফেও খোঁজখবর শুরু হয়েছে।