এবার তৃণমূল আমলে বই মেলাতেও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল। বুধবার রাজ্য বিজেপির সল্টলেকের দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে গিয়ে এই সংক্রান্ত অভিযোগ জানান গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতৃত্...
এবার তৃণমূল আমলে বই মেলাতেও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল। বুধবার রাজ্য বিজেপির সল্টলেকের দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে গিয়ে এই সংক্রান্ত অভিযোগ জানান গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ। অভিযোগকারীদের দাবি, বই মেলার আড়ালে কয়েক কোটি টাকা তছরুপ করেছে পূর্বতন সরকার। সরকারের কোষাগার থেকে বহু টাকা নয়ছয় করা হয়েছে বলেও দাবি তুলেছেন তাঁরা।
জানা যাচ্ছে, সরকারি পয়সা ব্যবহার করে তৃণমূল ঘনিষ্ঠ লেখকদের বই কিনত পূর্বতন সরকার। যার একটা বড় মুনাফা ভাগ হত তৎকালীন শাসক দলের মধ্যে। আর এই ঘটনা একবার দু-বার না, বরং বছরের পর বছর ধরে হয়েছে। জেলায় জেলায় যত বইমেলা হত সরকারের তত্বাবধানে সেই সব জায়গাতেই এই ধরণের দুর্নীতি হত বলে দাবি তুলেছেন অভিযোগকারীরা।
এমতাবস্থায় এই ঘটনায় দ্রুত তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বইমেলা সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষকে নির্দেশও দিয়েছেন তিনি। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এই চক্রের নেপথ্যে কে বা কারা ছিল, তাও চিহ্নিত করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে হতশ্রী ফলাফল করার পর থেকেই তৃণমূলের খারাপ সময় শুরু হয়েছে। প্রকাশ্যে এসেছে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি। কয়লা, বালি, গরু, মাটি, জমি-সহ একগুচ্ছ দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। নাম জড়িয়েছে পূর্বতন সরকারের বহু নেতার। চলছে তদন্তও। এমতাবস্থায় ফের বইমেলা সংক্রান্ত দুর্নীতি জুড়ল সেই তালিকায়।