রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা (ইডি)। বুধবার সাত সকালে কলকাতা শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামেন তারা। সেই তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যব...
রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা (ইডি)। বুধবার সাত সকালে কলকাতা শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামেন তারা। সেই তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী সোনা পাপ্পুর বাড়িও। এ ছাড়াও, বালিগঞ্জের এক সংস্থার অফিস-সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুর বিরুদ্ধে ইতিমধ্যেই ১৫টি মামলা রয়েছে। তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তার পরেও পুলিসের নাগালের বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে। এবার অভিযুক্তের নাগাল পেতে অনুসন্ধান শুরু করেছে ইডি আধিকারিকেরাও। বুধবার সকাল ৭টার কিছু পরে সোনা পাপ্পুর ফার্ন রোডের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছে যান বলে খবর। এছাড়াও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করেন তাঁরা। এই গোটা অভিযানে ইডির সঙ্গে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে।
ইডি সূত্রে আরও দাবি, কসবা, বালিগঞ্জ এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এই সোনা পাপ্পু। আর সেই অভিযোগ পাওয়ার অভিযান শুরু করেন গোয়েন্দারা। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে বলেও খবর সূত্রের। এমনকি সেই টাকা সোনা পাপ্পুর হাত হতেই বিভিন্ন 'প্রভাবশালী'দের কাছে পৌঁছে যেত বলেও খবর।
সোনা পাপ্পুর বাড়ি ছাড়াও দক্ষিণ কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। আর্থিক তছরুপের মামলায় বালিগঞ্জের 'সান এন্টারপ্রাইস' নামে এক সংস্থার অফিসেও অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান জয় কামদার'কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও খবর।