বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হল ৭টি রাজ্যে। মোট ১৪২টি বিধানসভা আসনে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান। বাংলায় SIR পরবর্তী এই ১৪২টি আসনে মোট ভোটারের সংখ্যা বর্তমানে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। যাদে...
বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হল ৭টি রাজ্যে। মোট ১৪২টি বিধানসভা আসনে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটদান। বাংলায় SIR পরবর্তী এই ১৪২টি আসনে মোট ভোটারের সংখ্যা বর্তমানে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৯২ জন।
কমিশনের তরফে আগেই এই ১৪২টি আসনকে 'স্পর্শকাতর' বলে উল্লেখ করা হয়েছিল। সেই অনুযায়ী প্রয়োজন বুঝে যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে জেলায় জেলায়। এবারের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোর মধ্যে একটি হল ভবানীপুর। সেখানেও সকাল থেকে তৎপরতা তুঙ্গে। বিশৃঙ্খলা এড়াতে জায়গায় জায়গায় নজরদারি চালাচ্ছে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সূত্রের খবর চক্রবেড়িয়া বুথে একবার প্রায় মুখোমুখি হয়েছিলেন মমতা-শুভেন্দু। যদিও এখনও পর্যন্ত 'হাইভোল্টেজ' ভবানীপুরে তেমন কোনও অশান্তির ঘটনা নজরে আসেনি। তবে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসেছে অন্যান্য জেলা থেকে।
সূত্রের খবর, নদিয়ার চাপড়া বিধানসভার হাটরা এলাকায় ৫৩ নম্বর বুথে বিজেপি এজেন্ট মোশারেফ হোসেনকে বুথে ঢোকার সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শ্যামপুকুরে বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত করায় সেখানে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় পুলিস। রীতিমত লাঠি উঁচিয়ে তাড়া করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিরাটি মহাজাতি বিদ্যামন্দিরে প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ। ইভিএম মেশিনে গোলযোগ থাকায় গন্ডগোল। তবে এইসবের মধ্যেও সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৮.৩৯% ভোট পড়েছে ৭ জেলায়। এই সংখ্যা প্রথম দফার ভোটকে শেষপর্যন্ত টেক্কা দিতে পারে কিনা, সেই দিকেই থাকবে নজর।