গ্রেফতারি এড়াতে আদালতের চক্কর কাটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সম্প্রতি জমি-দুর্নীতি মামলায় সাময়িক স্বস্তি মিলেছিল সুপ্রিম কোর্টে। এই অবস্থায় ফের চার মামলায় রক্ষকবচ চেয়ে কলকাতা হাইক...
গ্রেফতারি এড়াতে আদালতের চক্কর কাটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সম্প্রতি জমি-দুর্নীতি মামলায় সাময়িক স্বস্তি মিলেছিল সুপ্রিম কোর্টে। এই অবস্থায় ফের চার মামলায় রক্ষকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। আজ, সোমবার ওই চার মামলার দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন সুমিত। চলতি সপ্তাহেই শুনানির সম্ভবনা।
শালবনিতে জমি-দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সুমিতের। এছাড়াও আরও একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তারপর থেকেই দীর্ঘদিন ধরে 'নিখোঁজ' ছিলেন তিনি। এই অবস্থায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর গত শনিবার অবশেষে সিআইডি দফতরে হাজিরা দেন সুমিত। হাজিরা দেন রবিবারেও। আজ, সোমবারও তিনি হাজির হয়েছেন সেখানে। কিন্তু আরও চারটি মামলায় গ্রেফতারির আশঙ্কা রয়েছে সুমিতের। তাই সেই মামলা থেকে অব্যাহতি পেতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য জানিয়েছেন, ৭ অগস্ট সেই রক্ষাকবচের মামলার শুনানি হয়নি। তা যাতে দ্রুত হয়, সেই নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল এবং বিক্রির অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। অভিযোগ, টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি হত সেখানে। তার জন্য বানানো হত ভুয়ো নথিও। অভিযোগ, এর সবটাই হত অভিষেকের আপ্তসহায়কের সম্মতিতে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। কিন্তু সুমিতের কোনও ঠিকানাতেই তাঁর খোঁজ না-পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিস। পরে তাদের আবেদন মেনে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরেই বিপদ আসন্ন বুঝে আড়ালে থেকে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল অভিষেকের আপ্তসহায়ক।