সব খুইয়ে ক্ষমতাশূন্য তৃণমূল। নবান্ন হাতছাড়া হওয়ার এক মাসের মধ্যে এবার হাতের বাইরে চলে গেল কলকাতা পুরসভার দায়িত্বও। সূত্রের খবর, বুধবার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম...
সব খুইয়ে ক্ষমতাশূন্য তৃণমূল। নবান্ন হাতছাড়া হওয়ার এক মাসের মধ্যে এবার হাতের বাইরে চলে গেল কলকাতা পুরসভার দায়িত্বও। সূত্রের খবর, বুধবার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। ইস্তফা দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চেয়ে ছিলেন তিনি। সেই মোতাবেক ফিরহাদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে তিনি নিজে এখনও কোনও মন্তব্য করেননি।
বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে প্রশাসনিক বৈঠকে যোগ দেন তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক। তাঁদের মধ্যে ছিলেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম। জানা যাচ্ছে, সেখান থেকে ফিরেই মেয়র পদ থেকে ইস্তফা দেন তিনি। কলকাতা মিউনিসিপ্যাল এক্ট ১৯৮০ অনুযায়ী মেয়র চেয়ারপারসন মালা রায়ের কাছে তাঁর পদত্যাগ জমা দেবেন। তবে যদি তিনি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে ওই ইস্তফা পত্র দিতে পারবেন তিনি।
তৃনমূল জমানায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী থাকাকালীন ২০১৮ সালের নভেম্বরে কলকাতার মেয়র হন ফিরহাদ। তিনিই ছিলেন কেএমসি-র প্রথম মুসলমান মেয়র। এরপর ফের ২০২১ সালে তাঁকেই দ্বিতীয় বার মেয়রের আসনে বসানো হয়। এমতাবস্থায় প্রায় আট বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদ সমানতালে সামলানোর পর বুধবার আচমকা ইস্তফা দিলেন ফিরহাদ।