ফের খবরের শিরোনামে আরজি কর। ফের হাসপাতালের অভ্যন্তরে মদ-সহযোগে পার্টি করার অভিযোগ হাসপাতালের গ্রূপ ডি কর্মীর বিরুদ্ধে। এমনকি মদ্যপ ব্যক্তি নিজেকে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শশী পাঁজার ঘনিষ্ঠ বলেও দাব...
ফের খবরের শিরোনামে আরজি কর। ফের হাসপাতালের অভ্যন্তরে মদ-সহযোগে পার্টি করার অভিযোগ হাসপাতালের গ্রূপ ডি কর্মীর বিরুদ্ধে। এমনকি মদ্যপ ব্যক্তি নিজেকে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শশী পাঁজার ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন। সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা।
জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তির নাম রঞ্জিত গোঁসাই। আরজি কর হাসপাতালের গ্রূপ ডি শ্রেণীর কর্মী তিনি। অভিযোগ, হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের পাঁচ তলার স্টাফ রুমে বসেই মদ ও বিরিয়ানি খাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। যদিও ভিডিওতে বাকিদের মুখ দেখা যায়নি। পাশাপাশি উপস্থিত ব্যক্তিরাও হাসপাতালের কর্মী কিনা, তাও জানা যায়নি। এমতাবস্থায় বিষয়টা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে শোরগোল। কীভাবে এত কড়াকড়ি থাকা সত্ত্বেও হাসপাতালের ভিতরে মদ্যপান করছেন ওই কর্মী, তা নিয়ে উঠছে প্রশ্ন।
অন্যদিকে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে আরজি কর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। কীভাবে নজর এড়িয়ে হাসপাতালের ভিতরে বসেই মদ্যপান করছেন ওই কর্মী, তা নিয়েও উঠছে প্রশ্ন। বছর দুই আগে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। সেই ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ঘটনার দিন মদ্যপ ছিল বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায়, কেন সেই হাসপাতালের ভিতরের নিরাপত্তা জোরদার করা যাচ্ছে না, তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।