বদল হল হাই কোর্টের রাস্তার নাম। এসপ্ল্যানেড রো ওয়েস্ট থেকে নতুন নামকরণ হল 'জাস্টিস রাধাবিনোদ পাল সরণি'। এটি শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত এবং কলকাতা হাইকোর্টের কাছেই অবস্থিত...
বদল হল হাই কোর্টের রাস্তার নাম। এসপ্ল্যানেড রো ওয়েস্ট থেকে নতুন নামকরণ হল 'জাস্টিস রাধাবিনোদ পাল সরণি'। এটি শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত এবং কলকাতা হাইকোর্টের কাছেই অবস্থিত। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোকিওতে রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর এই প্রস্তাব রাখেন। জাপানের প্রতি তাঁর অবদানের জন্য তিনি সেখানে অত্যন্ত সম্মানিত। ফলে অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল হাইকোর্ট। কলকাতা হাই কোর্ট থেকে বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে।
কলকাতা পুরসভার তরফে এই পরিবর্তনকে বাংলার এক উজ্জ্বল নক্ষত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে অভিহিত করা হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি আইনজ্ঞ জাপানের ‘বাঙালি বন্ধু’ প্রয়াত রাধা বিনোদ পালের নামে এসপ্ল্যানেড রো ওয়েস্ট রাস্তার নাম জাস্টিস রাধা বিনোদ পাল সরণি করা হয়। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে রাধা বিনোদ পালের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখানে দাঁড়িয়ে অভিষেক জানান, কলকাতার একটি রাস্তার নাম রাধা বিনোদ পালের নামে করা হবে। কলকাতা পুরসভার পাশাপাশি, ওই ঘোষণাতেও এবার সরকারিভাবে শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।
তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের এসপ্ল্যানেড রো (পশ্চিম) নাম পরিবর্তন করে বিচারপতি রাধাবিনোদ পাল সরণি রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে, যা বাংলার অন্যতম শ্রদ্ধেয় আইনজ্ঞকে সম্মান জানাচ্ছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের বাস্তবায়ন শুধু বাংলাকে গৌরবোজ্জ্বল করেছে তাই নয়, বাংলার মেধা- বাংলার গৌরবকে স্বীকৃতি দিয়েছে। একদিকে দিল্লির স্বৈরাচারীরা ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে; তখন বাংলা একমাত্র রাজ্য যেখানে ইতিহাসের মর্যাদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখা হচ্ছে।”