সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। আগামীকাল, শুক্রবার নির্বাচন কমিশনে জরুরী বৈঠক। নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারি...
সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। আগামীকাল, শুক্রবার নির্বাচন কমিশনে জরুরী বৈঠক। নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চলেছে নির্বাচন কমিশন। সমস্ত জেলা ERO ও অবজার্ভারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য ইলেক্ট্রনাল অফিসার।
শুক্রবার সকাল ১১টা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সব জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, পুলিস কমিশনার, জেলা পুলিস সুপার এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সামগ্রিক প্রস্তুতি, ভোটার তালিকা সংশোধনের কাজ, প্রশাসনিক বন্দোবস্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা—এই সব বিষয়েই বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর।
নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই রাজ্যে ভোটের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আধিকারিকদের বদলি ও নিয়োগ, মাইক্রো অবজ়ার্ভারদের প্রশিক্ষণ, গণনা কেন্দ্র নির্ধারণ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তৎপরতা বেড়েছে। সেই প্রেক্ষিতেই এই ভিডিও বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলা থেকে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চাওয়া হতে পারে। কোথাও কোনও ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করার নির্দেশও দেওয়া হতে পারে। আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপই এই বৈঠকে চূড়ান্ত করা হতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।