লোকসভা ভোটের আবহেই পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআই অভিযান। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সাতসকালেই পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের বি...
লোকসভা ভোটের আবহেই পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআই অভিযান। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সাতসকালেই পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় একাধিক তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকরা।
তৃণমূল নেতা নন্দদুলাল মাইতি এবং বিকাশ চন্দ্র বেজের বাড়িতে সিবিআই-এর প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি টিম পৌঁছয় বলে সূত্রের খবর। প্রসঙ্গত, একুশের ভোট পরবর্তী হিংসার বলি হন বিজেপি নেতা চাঁদু ওরফে জন্মেঞ্জয় দলুই। সেই খুনের মামলার তদন্তেই সিবিআই আধিকারিকরা শুক্রবার তল্লাশি অভিযান চালান।
বর্তমানে ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন এই নন্দদুলাল মাইতি। তাঁর অভিযোগ, সকাল সকাল তল্লাশির নামে বাড়িঘর তছনছ করে গিয়েছে সিবিআই।তাঁর আরও অভিযোগ,শুভেন্দু অধিকারীর নির্দেশেই সিবিআই আধিকারিকরা তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছেন।
এদিকে, তৃণমূলের তোলা এই অভিযোগের পাল্টা দিয়েছে পদ্ম শিবির। তাদের অভিযোগ, ২১-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপির কার্যকর্তা জন্মেঞ্জয় দলুই-কে হত্যা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর মৃত বিজেপি নেতার পরিবারের তরফে সিবিআই-তদন্তের আবেদন জানানো হয় হাইকোর্টে।হাইকোর্টের নির্দেশেই সিবিআই-এর অভিযান,দাবি বিজেপি নেতা বিপুলেশ ধাড়ার।
শুক্রবার নন্দদুলাল মাইতির পর বিকাশ চন্দ্র বেজের বাড়িতেও পৌঁছন সিবিআই-এর আধিকারিকরা। যদিও, সেখানে পৌঁছে দরজা তালাবন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।এছাড়াও একাধিক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতেও শুক্রবার অভিযান চালান সিবিআই-এর আধিকারিকরা।
লোকসভা ভোটের আবহে ফের তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআই।২৫ মে ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর জেলার দুটো লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। তার আগে সিবিআই-এর এই তল্লাশি অভিযান ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে? সেই দিকেই তাকিয়ে সকলে।