অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্যের মহিলা মহলে। তবে এই বিষয়ে এবার নিশ্চিন্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি পরিষ্কার জানান, 'আগামী বুধবার আ...
অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্যের মহিলা মহলে। তবে এই বিষয়ে এবার নিশ্চিন্ত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি পরিষ্কার জানান, 'আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না।'
আজ সকালে বিধাননগর হাসপাতালে জরায়ুমুখ ক্যানসারের টিকাকরণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখান থেকেই ফর্ম ঘিরে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টা করেন তিনি। কারণ সম্প্রতি প্রকাশিত হওয়া অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছেন। তাতে জমির কাগজপত্র থেকে শুরু করে পরিবারের সকলের ব্যাঙ্কের নথি-যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। এমতাবস্থায় অনেকেই মনে করতে শুরু করেছেন, সহজে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে সাধারণের মধ্যে। তাই সেই আতঙ্ক ও ভ্রম দূর করতে এদিন নিজেই দায়িত্ব নেন মুখ্যমন্ত্রী
তবে রাজ্যের সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পেলেও বাদ যাবেন অভারতীয়রা। এছাড়াও কোনও মহিলা আয়কর দিলে বা সরকারি চাকরি করলে, নিয়মিত বেতন বা পেনশন পেলেও এই প্রকল্প থেকে বাদ পড়বেন। ভোটের আগে বিজেপি পশ্চিমবঙ্গের জন্য যে ইস্তাহার বা 'সংকল্পপত্র' প্রকাশ করেছিল, তার অন্যতম প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা'। শুভেন্দু জানিয়েছেন, সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতিবাক্য পালনের দায়িত্ব তাঁর সরকারের। তাই অন্নপূর্ণা যোজনাতেও তার অন্যথা হবে না।