সম্প্রতি প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' সম্মোধনকে কেন্দ্র তুমুল চর্চা শুরু হয়েছিল বঙ্গ রাজনীতির অন্দরে। এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে সমাজমাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের 'গেরোয়' পড়ত...
সম্প্রতি প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' সম্মোধনকে কেন্দ্র তুমুল চর্চা শুরু হয়েছিল বঙ্গ রাজনীতির অন্দরে। এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে সমাজমাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের 'গেরোয়' পড়তে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নিজের এক্স পোস্টে শ্রী রামকৃষ্ণের নামের আগে 'স্বামী' যুক্ত করেছেন তিনি। মূলত যা ব্যবহার করা বিবেকানন্দের নামের আগে। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই 'ভুল' ধরাতে মাঠে নেমে পড়েছে তৃণমূল। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে সমাজমাধ্যমে পোস্ট করেন মোদী। সেখানে তিনি লেখেন, 'স্বামী রামকৃষ্ণ পরমহংসজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী। উনি আধ্যাত্ম ও সাধনাকে যেভাবে জীবনীশক্তিতে রূপান্তরিত করেছেন, সেটা বহু যুগ মানবতার কল্যাণে কাজে লাগবে। ওঁর আদর্শ এবং বার্তা আগামী দিনে আমাদের প্রেরণা দেবে।' কিন্তু সব ভালোর মধ্যেও বাদ সাধে মোদীর 'স্বামী' সম্বোধন। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
প্রধানমন্ত্রীর 'ভুল' সম্মোধনে হতবাক হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি লিখেছেন, 'শ্রী রামকৃষ্ণকে সকলে ঠাকুর বলে সম্বোধন করেন। তা সকলেই জানেন। তাঁর মৃত্যুর পরে তাঁর শিষ্যেরা রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠা করেন। ভারতীয় সংস্কৃতিতে সেই সন্ন্যাসীদের 'স্বামী' বলে সম্বোধন করা হয়। কিন্তু তাঁদের গুরু, আচার্যকে তখনও ঠাকুর বলেই সম্বোধন করা হয়। তাঁর শিষ্যদের নামে উপসর্গ হিসেবে 'স্বামী' বলা হয়। কিন্তু পবিত্র সেই ত্রয়ী ঠাকুর-মা-স্বামীজিই রয়ে গিয়েছেন। ঠাকুর হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা হলেন মা সারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ।'এরপরেই একপ্রকার ক্ষোভের সুরে প্রধানমন্ত্রীকে নিশানায় তিনি লেখেন 'আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আধুনিক ভারত গড়ে তোলা এই মহান বাঙালি মনীষীদের জন্য এমন নতুন নতুন উপসর্গ এবং প্রত্যয়ের ব্যবহার করবেন না।'
প্রসঙ্গত, গত বছর সংসদে জাতীয় গান 'বন্দেমাতরম'-র সার্ধশতবর্ষ উদযাপনের বক্তৃতায় জাতীয় গানের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে 'বঙ্কিমদা' বলে সম্মোধন করেছিলেন মোদী। এমনকি ওই বক্তৃতার সময়ে একাধিকবার 'দাদা' বলেও সম্মোধন করতে শোনা গিয়েছিল তাঁকে। এরপরেই সেই ঘটনাকে কেন্দ্র করে আসরে নেমেছিল বিরোধীরা। এবার সেই একই বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী।