যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের! এবার ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিস। আজ অর্থাৎ শনিবার সন্ধ্যা ৬ টায় তাঁকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যাদবপুরে অশান্তির ঘটনার ছবি এবং ভ...
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের! এবার ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিস। আজ অর্থাৎ শনিবার সন্ধ্যা ৬ টায় তাঁকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যাদবপুরে অশান্তির ঘটনার ছবি এবং ভিডিয়ো ফুটেজ নিয়ে থানায় যেতে বলা হয়েছে সৃজনকে। যাদবপুর থানা থেকে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে পুলিস।
পুলিসি তলব প্রসঙ্গে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন বলেন, ‘তদন্তে আমি সব রকম সহায়তা করব। ওই দিনের ঘটনার সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম না। সমাজমাধ্যম থেকে সংগ্রহ করা কিছু ছবি এবং ভিডিয়ো আমার কাছে রয়েছে। সেগুলি পুলিসের হাতে তুলে দেব।’
গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি দাবি নিয়ে ওইদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন। ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। ভেঙে দেওয়া গাড়ির ‘লুকিং গ্লাস’ও। ঘটনায় আহত হন ব্রাত্য বসু। পাল্টা পড়ুয়াদের দাবি, শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এক ছাত্রকে। তারই প্রতিবাদে সোমবার ধর্মঘট ডেকেছে বাম ছাত্র সংগঠনগুলি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে।