রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তাঁর শুভানুধ্য়ায়ীরা। গত রবিবার তালসারিতে শুটিং চলাকালীন আচমকাই সমুদ্রের জলে তলিয়ে যান অভিনেতা। দীর্ঘক্ষণ পর তাঁকে মৃত অবস্থায় উদ্ধার ক...
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তাঁর শুভানুধ্য়ায়ীরা। গত রবিবার তালসারিতে শুটিং চলাকালীন আচমকাই সমুদ্রের জলে তলিয়ে যান অভিনেতা। দীর্ঘক্ষণ পর তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার পর যথারীতি দায় গিয়ে পরে 'ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স' প্রযোজনা সংস্থার উপর। 'অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনে'র তরফে ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হলেও গত তিন দিনে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। এমতাবস্থায়, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে প্রিয়াঙ্কা সরকার এফআইআর দায়ের করতে চলেছেন বলে খবর সূত্রের।
প্রথম থেকেই রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে নানান ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। অভিনেতার বহু সতীর্থরা গোটা ঘটনাকে 'অবিশ্বাস্য' বলেও ব্যাখ্যা করেছেন। কিন্তু এত কিছুর পরেও ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স-এর তরফে টু-শব্দটিও করা হয়নি। সেই প্রেক্ষিতেই অভিনেতা, কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ভবিষত্যে যেন এই ঘটনা আর একবারও না ঘটে, তারও দাবি তুলেছেন টলি জগতের অনেকে। সূত্রের খবর, এই অবস্থায় আজ, বুধবার গলফগ্রিন থানায় লিখিত অভিযোগ জানাবেন প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে দক্ষিণ কলকাতার অন্য এক থানায় এফআইআর দায়েরের কথা আর্টিস্ট ফোরামের।
ইতিমধ্যেই গোটা বিষয়কে গুরুত্ব দিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে মিটিংয়ের কথা থাকলেও সকলে উপস্থিত থাকতে না পারায় তা বাতিল হয়। পরে প্রসেনজিতের বাড়িতে একটি বৈঠক বসেছিল বলে খবর পাওয়া যায়, যদিও সেই বৈঠক হওয়া নিয়ে দ্বিমত রয়েছে। কিন্তু বুধবার টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গেল, ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাহুলের পত্নী প্রিয়াঙ্কা সরকার। সম্ভবত সেই বৈঠকের পরেই থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।