আরজি কর কাণ্ডে নয়া মোড়। এবার তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে বদলে দিল সিবিআই। এক কথায় তাঁর হাত থেকে তদন্তভার নিয়ে তা নতুন করে তুলে দেওয়া হল সন্দীপনি গর্গকে। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে হাজির সন্দীপনি। ন...
আরজি কর কাণ্ডে নয়া মোড়। এবার তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে বদলে দিল সিবিআই। এক কথায় তাঁর হাত থেকে তদন্তভার নিয়ে তা নতুন করে তুলে দেওয়া হল সন্দীপনি গর্গকে। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে হাজির সন্দীপনি। নতুন বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে কেন্দ্রীয় সংস্থা। এদিন আদালতে তারা তিন পাতার একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। সেই সঙ্গে এই মামলার নথি খতিয়ে দেখার জন্য আরও কিছুটা সময় চাওয়া হয়েছে আদালতের কাছে।
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে এই সীমা পাহুজার ভূমিকা অনেক দিন ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তা নিয়ে এর আগে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। এমনকি সীমাকে 'শয়তান' বলেও তেড়ে গিয়েছিলেন নির্যাতিতার বাবা। অভিযোগ, আরও অনেকের বিরুদ্ধে অনেক তথ্যপ্রমাণ জোগাড় করা যেত। কিন্তু সীমা তা করেননি। তথ্যপ্রমাণ তাঁর অঙ্গুলিহেলনে লোপাট করা হয়েছে বলেও দাবি করা হয়। এমনকি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও হাসপাতালের ঘটনাস্থলে দাঁড়িয়ে সীমার দিকে আঙুল তুলেছিলেন। তাঁকে অভিযুক্ত হিসাবে তদন্তের আওতায় আনার দাবিও জানিয়েছিলেন। সেই অফিসারকেই এবার সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
এদিন আরজি কর-কাণ্ডের নতুন তদন্তকারী অফিসার সন্দীপনি'কে আদালত চত্বরে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। জানা যাচ্ছে,আদালতের নির্দেশে যে নতুন তদন্তকারী দলটি তৈরি করা হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার এবং আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়। সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে, এই মামলার ১০০০ পাতার নথি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার বাবা এবং মায়ের বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে নতুন দলের গোটা প্রক্রিয়ায় বাড়তি কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
এদিন বিচার ব্যবস্থা ও নতুন সরকারের উপর আস্থা রেখে নির্যাতিতার মা তথা পানিহাটির বর্তমান বিধায়ক বলেন, 'এটা তদন্তসাপেক্ষ বিষয়। তাই কিছু বলতে চাই না। তবে আমাদের নতুন সরকার এসেছে। কঠোর ভাবে সব কিছু দেখা হচ্ছে। কিছু দিন আগে বিধানসভায় একসঙ্গে চার জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হল। আমাদের মুখ্যমন্ত্রী কোনও দুর্নীতি সহ্য করবেন না। আমার তাঁর উপর সম্পূর্ণ ভরসা আছে। নতুন সরকার ঠিক বিচার দেবে।'