প্রতীকহারা দুই শিবিরের এবার নতুন নাম চূড়ান্ত করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মধ্যরাতে ঘাসফুল প্রতীক ফ্রিজ করা হয়েছে। তারপর কালীঘাট ও ঋত শিবিরের তরফে নতুন তিনটি প্রতীক ও নাম ইমেল মারফৎ পাঠান হয় কম...
প্রতীকহারা দুই শিবিরের এবার নতুন নাম চূড়ান্ত করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মধ্যরাতে ঘাসফুল প্রতীক ফ্রিজ করা হয়েছে। তারপর কালীঘাট ও ঋত শিবিরের তরফে নতুন তিনটি প্রতীক ও নাম ইমেল মারফৎ পাঠান হয় কমিশনে। সেই মোতাবেক আজ, শুক্রবার দুই শিবিরের নতুন নাম ও প্রতীক চূড়ান্ত করল ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, মমতা শিবিরের প্রার্থীরা লড়বেন 'ফুটবল খেলোয়াড়' প্রতীকে। অন্যদিকে 'খাম' প্রতীকে লড়বেন ঋতব্রতরা।
তবে শুধু প্রতীক না। দুই শিবিরের দুটি নামও চূড়ান্ত করা হয়েছে। জানা গিয়েছে আসন্ন উপনির্বাচনে কালীঘাট শিবির লড়বে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' নামে। এবং ঋতব্রতদের শিবিরের নাম হচ্ছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।
জানা যাচ্ছে, মমতা তাঁর দলের তিনটি বিকল্প নাম এবং দু’টি প্রতীক কমিশনের কাছে প্রস্তাব আকারে পাঠিয়েছিলেন। নামগুলি হল- সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস, সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস এবং মমতা তৃণমূল কংগ্রেস। প্রতীক হিসেবে পাঠিয়েছিলেন ফুটবল পায়ে ফুটবলার এবং ক্রিকেট ব্যাট। অন্যদিকে ঋত শিবিরের তরফে যে তিনটি নাম পাঠান হয়েছিল তা হল — জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই সব দলের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে তৃণমূলের প্রতীক নিয়ে দড়ি টানাটানি চলায়, তাদের প্রার্থীদের ভবিষৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমতাবস্থায় কমিশনের তরফে ওই দুই শিবিরের নাম ও প্রতীক চূড়ান্ত করে দেওয়ায় সেই অনিশ্চয়তা কাটল।
প্রতীক পেয়ে কী বলেছেন ঋতব্রত?
তাঁর কথায়, 'আমাদের প্রথম পছন্দ ছিল, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় পছন্দ ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। কমিশন জানিয়েছে, প্রথম দুটো নাম কোনও কারণে দেওয়া সম্ভব নয়। প্রতীকের ক্ষেত্রে যা চেয়েছিলাম। তা-ই দেওয়া হয়েছে। কমিশনের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন তোলার জায়গা নেই।' সঙ্গে মমতা শিবিরের নাম না করে তাঁর কটাক্ষ, 'আমাদের দলের নামে কিন্তু কোনও ব্যক্তির নাম নেই। নৈব নৈব চ।'
অন্যদিকে মমতাপন্থী বিধায়ক কুণাল সমাজমাধ্যমে নিজের ফুটবল নিয়ে খেলোয়াড়ের পোশাক পরা ছবি পোস্ট করে লিখেছেন, '‘খেলা হবে। মমতাদির নামটাই যথেষ্ট।'