কমিশনের নির্দিষ্ট ডেডলাইনের আগেই SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য। অভিযুক্ত চারজনের মধ্যে ২ জন ইআরও এবং ২ জন এইআরও রয়েছেন। ইতিমধ্যেই কমিশনের নির্দেশে চার আধিকারিকে...
কমিশনের নির্দিষ্ট ডেডলাইনের আগেই SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য। অভিযুক্ত চারজনের মধ্যে ২ জন ইআরও এবং ২ জন এইআরও রয়েছেন। ইতিমধ্যেই কমিশনের নির্দেশে চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর সূত্রের। অন্যদিকে রাজ্যের পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রাজ্যে SIR শুরু হওয়ার কিছুদিন পরেই ওই চার আধিকারিকের বিরুদ্ধে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ উঠেছিল। যেখানে নাম জড়িয়েছিল এক ডেটা এন্ট্রি অপারেটরেরও। এরপরই ওই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় কমিশন। কিন্তু সেই নির্দেশ মানা নিয়ে টালবাহানার অভিযোগ ওঠে নবান্নের বিরুদ্ধে। এরপরেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করে কমিশন
অভিযুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে মঙ্গলবার বিকেল ৫:৩০ মধ্যে রাজ্যকে এফআইআর দায়ের করতে হবে বলে নির্দেশ দেয় কমিশন। অবশেষে আজ সেই নির্দিষ্ট সময়ের আগেই ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য সরকার। জানা গিয়েছে আধিকারিকদের মধ্যে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার ইআরও এবং এইআরও রয়েছেন। রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও। উল্লেখ্য, কমিশনের নির্দেশ অনুযায়ী ওই চারজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে বলে আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কাওকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, 'কমিশন কাউকে ডিমোশন করলে তাদের প্রমোশন করবে রাজ্য।'